Vaibhav Sooryavanshi: ভাঙার মুখে সচিনের রেকর্ড! টিম ইন্ডিয়ায় অভিষেকের দোরগোড়ায় বৈভব, প্রথম ম্যাচ কবে?
Vaibhav Sooryavanshi: চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে বৈভব সূর্যবংশী নিজের প্রতিভার অসাধারণ প্রমাণ দিয়েছেন। খুব অল্প বয়সেই তিনি বড় বড় বোলারদের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং করে নজর কেড়েছেন।
Vaibhav Sooryavanshi: অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অবশেষে বিশেষজ্ঞদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে সামনে রেখেই নতুন পরিকল্পনা করছে বিসিসিআই। জানা গিয়েছে, আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর জুনে আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে ভারতীয় টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে, অভিষেকের মাধ্যমে তিনি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে উঠতে পারেন, ছাপিয়ে যেতে পারেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ড সফরে ভারতের দুটি ম্যাচ রয়েছে এবং সেখানে বৈভবের নাম নির্বাচকদের শর্টলিস্টে রাখা হয়েছে। ২৬ এবং ২৮ জুন ভারতের দুটি ম্যাচ খেলার কথা রয়েছে। বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছেন, 'আয়ারল্যান্ড সফরের জন্য বৈভব বিবেচনায় রয়েছে এবং নির্বাচকেরা তাঁর নাম সম্ভাব্য তালিকায় রেখেছেন।' নির্বাচকদের এই ভাবনা স্পষ্ট করে যে, তাঁরা ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে এখনই প্রতিভাকে কাজে লাগাতে চান। তুলনামূলকভাবে কম চাপের সিরিজে সুযোগ দিয়ে বৈভবকে আন্তর্জাতিক ক্রিকেটে অভ্যন্ত করানোর পরিকল্পনাও রয়েছে। আয়ারল্যান্ডে ভাল খেলতে পারলে পরবর্তী জিম্বাবোয়ে সফরের দলেও বৈভবকে রাখা হবে বলে খবর। সেখানে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ভারতের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। যেহেতু আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের মতো তুলনায় দুর্বল দু’টি দলের সঙ্গে ভারতের খেলা রয়েছে, নির্বাচকেরা এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।
চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে বৈভব সূর্যবংশী নিজের প্রতিভার অসাধারণ প্রমাণ দিয়েছেন। খুব অল্প বয়সেই তিনি বড় বড় বোলারদের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং করে নজর কেড়েছেন। বিসিসিআই-এর প্রাক্তন কোষাধ্যক্ষ তথা আইপিএল-এর বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমলও তাঁর উপর আস্থা রেখেছেন। সম্প্রতি এক্স পোস্টে তিনি লিখেছিলেন, 'এবারের আইপিএলে বৈভব সূর্যবংশীর কী অসাধারণ ব্যাটিং প্রদর্শনী! ওর পারফরম্যান্স বিবেচনা করলে এই বলতেই হয়, এই বিস্ময়কর প্রতিভা অবশ্যই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে অভিষেকের দাবি রাখে। এত কম বয়সে এমন প্রতিভাবান কাউকে খুঁজে পাওয়া বিরল। ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে ওর খেলার সুযোগ পাওয়া উচিত।'
ঝোড়ো ইনিংস
প্রতি ম্যাচেই মারকাটারি ইনিংস। এখন আর চমক নয়, বৈভব সূর্যবংশী মানেই ধামাকা। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। ২০২৪ সালে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও অভিষেক হয়। বিশ্বকাপ ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ভারতকে চ্যাম্পিয়নও করে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২০০ রান করেছে বৈভব। গড় ৪০। স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৬৩.১৬। জশপ্রীত বুমরাহ হোক বা জশ হ্যাজেলউড, কাউকেই ছেড়ে কথা বলছে না ১৫ বছরের ক্রিকেটার। খোদ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিসিসিআই-এর কাছে বৈভবকে বিবেচনা করার আহ্বান জানান। আর এর নেপথ্যে রয়েছে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বৈভবের ১৭ বলে ম্যাচ জেতানো ৫২ রান। এরপর ইরফান পাঠান, হরভজন সিং-সহ আরও অনেক প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইকে বলেছেন, আইপিএলের পরেই বৈভবকে ভারতীয় দলে নেওয়া হোক। এবার শুধু সময়ের অপেক্ষা।
E-Paper

