Vaibhav Sooryavanshi: মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি! বদলার ম্যাচে ব্যাটে ঝড় তুলে বিশ্বরেকর্ড বিস্ময় বালকের
Vaibhav Sooryavanshi: ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। একের পর বিধ্বংসী ইনিংস শট খেলে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। যা একদিনের ক্রিকেটে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সবথেকে দ্রুততম অর্ধশতরান।
Vaibhav Sooryavanshi: কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ত্রিদেশীয় সিরিজে ভারতীয় 'এ' দলের হয়ে খুব একটা বড় স্কোর আসছিল না বিস্ময় বালকের ব্যাটে। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষদের প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। তৈরি হয়েছিল বিতর্ক। ফলে ফাইনাল ছিল বৈভব সূর্যবংশীর কাছে একদিকে নিজেকে ফের প্রমাণ করার ম্যাচ এর পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে বদলার ম্যাচ। আর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের যেমন জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী, ত্রিদেশীয় সিরিজের ফাইনালও তাঁর ব্যাটিং তাণ্ডবের সামনে খড়কুচোর মতো উড়ে গেল শ্রীলঙ্কার বোলাররা। মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন।

রবিবার ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। একের পর বিধ্বংসী ইনিংস শট খেলে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। যা একদিনের ক্রিকেটে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সবথেকে দ্রুততম অর্ধশতরান। বাঁ হাতি পেসার দুলাজ সমুদিথার বলে ছক্কা হাঁকিয়ে তিনি মাইলফলকে পৌঁছন, যা ভারত ‘এ’ দলের হয়ে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। শ্রীলঙ্কার বোলারদের রীতিমত কচুকাটা করেন ১৫ বছরের তারকা ব্যাটার। সেই সঙ্গে বৈভব সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীররত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ৫০ করেছিলেন কৌশল্য। বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনার আরও ৬ বছর পর। মাত্র ১১ বলে অর্ধশতরানের পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এরমধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। এরপরও থেমে থাকেননি সূর্যবংশী। দ্রুততম অর্ধশতরানের পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। তবে সাহান আরাচ্চিগের বলে তুলে মিড অফে ক্যাচ মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া করলেন বৈভব সূর্যবংশী।
শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ভারতের এই বিধ্বংসী ওপেনার মাত্র ২৯ বলে ৯৪ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। সব মিলিয়ে ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন এই কিশোর। সূর্যবংশীর সঙ্গী ওপেনার প্রিয়াংশ আর্যও ৩৯ রান করে শুরুটা ভাল করেছিলেন। বৈভব সূর্যবংশী মানেই যেন রেকর্ডের পর রেকর্ড। কিশোর বয়সেই তিনি একের পর এক নজির গড়ে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছেন। ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস, আগ্রাসন আর অসাধারণ দক্ষতা ইতিমধ্যেই তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। বয়স কম হলেও পারফরম্যান্সে তিনি বারবার প্রমাণ করছেন ভবিষ্যৎ নয়, তিনি এখনই বড় মঞ্চের তারকা। চলতি ট্রাই নেশন সিরিজে আগের ম্যাচগুলোতে বড় রান করতে পারেননি বৈভব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি নিজের সেরাটা উজাড় করে দেন। ফাইনালে এমন বিস্ফোরক ব্যাটিং করে সমালোচকদেরও জবাব দিয়েছেন ভারতের এই প্রতিভাবান ক্রিকেটার।
আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বৈভব। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য নির্বাচকদের আস্থাও অর্জন করেছেন তিনি। বর্তমান ফর্ম বিবেচনায় খুব শিগগিরই ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেকের সুযোগ পেতে পারেন এই তরুণ ব্যাটার। আগামী ২৬ জুলাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, সেখানেই ভারতের নীল জার্সিতে প্রথমবার মাঠে নামতে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। যদি তিনি এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের অন্যতম বড় তারকা হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা।
E-Paper

