T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা! চাঞ্চল্যকর অভিযোগের তদন্তে ICC, নজরে কারা?

T20 World Cup 2026: কানাডা ক্রিকেটের আরও একটি বিষয় নিয়ে পুঙ্খনাপুঙ্খ তদন্ত করছে আইসিসি ৷ ইএসপিএন ক্রিকইনফো'র রিপোর্ট অনুযায়ী, এর মূলে রয়েছে একটি টেলিফোন-কল ৷

Published on: Apr 17, 2026, 20:49:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা হয়েছিল?‌ এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে অস্বস্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। ইতিমধ্যে আইসিসি-র দুর্নীতি দমন শাখা কানাডা ক্রিকেট দলের বিরুদ্ধে দুটি বড় তদন্ত শুরু করেছে। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তদন্তমূলক অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’ সম্প্রচারিত তথ্যচিত্র ‘কোরাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’-এ এমন কিছু দাবি করা হয়েছে, যা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের সঙ্গে জড়িত। এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। নিউজ়িল্যান্ড বনাম কানাডা ম্যাচের সময় ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে।

টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা! (AP)
টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা! (AP)

কানাডা ব্রডকাস্ট কর্পোরেশনের তরফে শুক্রবার সম্প্রচারিত ৪৩ মিনিটের সেই তথ্যচিত্রে সে দেশের ক্রিকেট প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ আনা হয়েছে ৷ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা তারই অংশ ৷ তথ্যচিত্রে টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম কানাডা ম্যাচে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ৷ যেখানে আতস কাচের তলায় ম্যাচের দ্বিতীয় ইনিংসে কানাডা অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার করা পঞ্চম ওভার ৷ রান তাড়া করতে নেমে ৩৫ রানে সে সময় দুই উইকেট হারিয়ে চাপে ছিল নিউজিল্যান্ড ৷ কিন্তু পঞ্চম ওভারে এসে নো-বল দিয়ে শুরু করেন বাজওয়া ৷ এরপর ওয়াইডও করেন ৷ শেষমেশ সংশ্লিষ্ট ওভারে ১৫ রান খরচ করেন কানাডা অধিনায়ক ৷ সব মিলিয়ে বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে অধিনায়ক নির্বাচিত হওয়া বাজওয়া এখন আইসিসি দুর্নীতিদমন শাখার স্ক্যানারে ৷ আইসিসি তদন্ত করছে যে, এই খারাপ বোলিং সহজাত, স্বাভাবিক ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে কানাডার অধিনায়ক এত রান দিয়েছিলেন? এটি কী কোনও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত?

ফাঁস হওয়া অডিও থেকে হুলস্থূল

একইসঙ্গে কানাডা ক্রিকেটের আরও একটি বিষয় নিয়ে পুঙ্খনাপুঙ্খ তদন্ত করছে আইসিসি ৷ ইএসপিএন ক্রিকইনফো'র রিপোর্ট অনুযায়ী, এর মূলে রয়েছে একটি টেলিফোন-কল ৷ যা গতবছর প্রকাশ্যে এসেছিল ৷ যেখানে কানাডা কোচ খুরাম চোহানকে বলতে শোনা গিয়েছে যে, বোর্ডের সিনিয়র আধিকারিকরা তাঁকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেন তাদের পছন্দসই ক্রিকেটারদের জাতীয় দলে নেওয়ার জন্য ৷ গত বছর সেই অডিও সামনে আসার পর থেকে তা এখনও তদন্তাধীন ৷ প্রাক্তন কোচ পাবুদু দাসানায়েকেও দাবি করেছেন যে, ২০২৪ বিশ্বকাপের সময় তিনি দল নির্বাচনে অন্যান্য কর্মকর্তাদের হস্তক্ষেপের বিরোধিতা করেছিলেন। এরপরে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এদিকে, ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রসঙ্গে আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের অন্তর্বর্তী জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ক্রিকইনফো'কে দেওয়া বিবৃতিতে বলেন, 'কানাডা ব্রডকাস্ট কর্পোরেশনের তরফে সম্প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে তারা অবগত ৷ কিন্তু তদন্ত প্রক্রিয়ার স্বার্থে দুর্নীতিদমন শাখা এই অভিযোগ সম্পর্কিত কোনও বিষয়ে এখন মন্তব্য করার জায়গায় নেই ৷'

কানাডা ক্রিকেটের ভাবমূর্তি প্রশাসনিক স্তরেও খারাপ হয়েছে। প্রাক্তন সিইও সলমন খানের বিরুদ্ধে প্রতারণা ও চুরির মামলা চলছে। কানাডার ক্রিকেটারদের অবস্থাও ভাল নয়, বিশ্বকাপ খেলার জন্য প্রাপ্য অর্থ পেতেও দেরি হয়েছে এবং তাঁদের কোনও পেশাদার চুক্তিতেও রাখা হয়নি। এবার গড়াপেটার অভিযোগ ওঠায় নতুন করে জলঘোলা শুরু হয়েছে।