WB Monsoon 2026 Rain Forecast: বর্ষা নিয়ে খারাপ খবর! কম বৃষ্টি হবে বাংলা-সহ ভারতে, সেকেন্ড হাফে ‘খেলা’ ঘুরবে?
WB Monsoon 2026 Rain Forecast: চাষি থেকে সাধারণ মানুষ—সবার কপালে চিন্তার ভাঁজ! ২০২৬ সালের বর্ষা নিয়ে আবহাওয়া দফতরের বড় আপডেট। বাংলায় কি এবার বৃষ্টির ঘাটতি হবে? তবে কি জুলাই-আগস্টে 'খেলা' ঘুরতে চলেছে? জানুন মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস।
WB Monsoon 2026 Rain Forecast: ভ্যাপসা গরমের মধ্যেই বর্ষা নিয়ে খারাপ খবর শোনাল ভারতীয় মৌসম ভবন। সোমবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে এবার বর্ষাকালে বাংলা-সহ ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির ইঙ্গিত মিলেছে। চলতি বছর বর্ষায় (জুন থেকে সেপ্টেম্বর) ৮০ সেন্টিমিটারের মতো বৃষ্টি হতে পারে ভারতে। দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের (১৯৭১ সাল থেকে ২০২০ সাল) নিরিখে বিবেচনা করলে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ হল ৮৭ সেমি। ফলে এবার দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের ৯২ শতাংশ বৃষ্টি হতে পারে (মডেলের নিরিখে পাঁচ শতাংশ বেশি বা কম হওয়ার সম্ভাবনা থাকে) বলে জানিয়েছেন মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

এল নিনো বনাম পজিটিভ ইন্ডিয়ান ওশন ডাইপোল
আর স্বাভাবিকের থেকে যে আট শতাংশ কম বৃষ্টিপাত হতে পারে ভারতে, সেটার নেপথ্যে আছে শক্তিশালী এল নিনো। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট মডেল থেকে ইঙ্গিত মিলেছে যে আগামী জুন নাগাদ এল নিনো পরিস্থিতি উদ্ভূত হতে পারে। তার জেরে কম হতে পারে বৃষ্টি। আবার বর্ষার দ্বিতীয় ভাগে ভারত মহাসাগরের পশ্চিম প্রান্তে তৈরি হতে পারে 'পজিটিভ ইন্ডিয়ান ওশন ডাইপোল'। অর্থাৎ জলস্তরের তাপমাত্রা বাড়তে পারে। সেটা আসলে ভারতে বর্ষার জন্য সহায়ক।
বর্ষার দ্বিতীয় ভাগে বেশি বৃষ্টি হবে?
কিন্তু সেই ‘পজিটিভ ইন্ডিয়ান ওশন ডাইপোল’ আদৌও এল নিনোর প্রভাব কমাতে পারবে কিনা, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্য আশায় বুক বাঁধছে মৌসম ভবনের বিজ্ঞানীরা। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল বলেন, 'পজিটিভ ইন্ডিয়ান ওশন ডাইপোলের হাত ধরে বেশি বৃষ্টি হয়। তাই আমরা আশা করছি যে বর্ষার দ্বিতীয় ভাগে সেই বিষয়টা এন নিনোর প্রভাবকে কাটিয়ে দেবে।'
পশ্চিমবঙ্গে কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে?
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে বর্ষাকালে। পশ্চিমাঞ্চলের কয়েকটি অংশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টি হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের কয়েকটি অংশে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সেরকম জায়গার সংখ্যা খুবই কম বলে প্রাথমিক পূর্বাভাসে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


