Munaf Patel: 'প্রয়োজনে আইপিএল ছাড়তে পারে...,' রো-কো'র অগ্রাধিকার নিয়ে বিস্ফোরক প্রাক্তন ফাস্ট বোলার

Munaf Patel: ২০২৬ আইপিএল টুর্নামেন্টের মাঝপথেই বড়সড় ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা আগামী ম্যাচে হয়ত খেলতে পারবেন না।

Published on: Apr 16, 2026 8:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Munaf Patel: হেড কোচ গৌতম গম্ভীরের পর এবার ভারতীয় ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার 'ইন্ডিয়া ফার্স্ট' নীতির ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন ফাস্ট বোলার তথা ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও রো-কো জুটি এখনও একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে চলেছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস ধরে রাখতে এই জুটি গত বছর বিজয় হাজারে ট্রফিতেও অংশ নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ বলেন, ভারতের হয়ে খেলাই রো-কো জুটির সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য তারা আইপিএলও ছেড়ে দিতে পারেন।

বিরাট কোহলি ও রোহিত শর্মা
বিরাট কোহলি ও রোহিত শর্মা

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনাফ প্যাটেল বলেন, 'আমি সবসময় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেশকে সবার আগে রাখতে দেখেছি। তাঁরা যে প্রায়োরিটি দেখান, তা এক অন্য পর্যায়ের। প্রয়োজনে তাঁরা আইপিএল ছাড়তে পারেন, কিন্তু তাঁরা কখনওই ভারতীয় দল ছাড়বেন না। এই ব্যাপারটা আপনি সবসময়ই দেখতে পাবেন।' এই মুহূর্তে আইপিল আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি এবং মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে লড়ছেন রোহিত শর্মা। বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সহজেই পাঁচ উইকেটে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়ে যায় লখনউ। জবাবে ১৫.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় আরসিবি। ওপেন করতে নেমে ৩৪ বলে ৪৯ রান করেন বিরাট। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। এই ম্যাচে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান বিরাটই করেন।

অন্যদিকে, ২০২৬ আইপিএল টুর্নামেন্টের মাঝপথেই বড়সড় ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা আগামী ম্যাচে হয়ত খেলতে পারবেন না। শোনা যাচ্ছে, আগামী ১৬ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রোহিত। ফলে তিনি না খেলতে পারলে দল তো ধাক্কা খাবেই। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার সময় এই চোট পান তিনি। অবশেষে, ষষ্ঠ ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। যদিও রোহিতের চোট ঠিক কতখানি গুরুতর, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রোহিত শর্মা এই মরশুমে ৪ ম্যাচে মোট ১৩৭ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ৪৫.৬৭। স্ট্রাইক রেটে ১৬৫-র বেশি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত ৭৮ রানের ইনিংস খেলেছিলেন।