Squall speed in Kolkata: কলকাতায় ৮৮ কিমি বেগে ঝড়, দমদমে কত? বন্ধ এই লাইনের ট্রেন, ব্যাহত মেট্রো পরিষেবাও
Squall speed in Kolkata: কলকাতায় ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় হল। প্রবল বজ্রপাত ও ঝড়-বৃষ্টির জেরে শিয়ালদা শাখায় ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সতর্কতামূলক ব্যবস্থা কলকাতা মেট্রোর ব্লু লাইনে কিছুক্ষণের জন্য পরিষেবা কাটছাঁট করা হয়।
ভয়ংকর গরমের পরে স্বস্তির ঝড়-বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এমনকী কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। খুব একটা পিছিয়ে ছিল না দমদমও। দমদমে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৭৪ কিমি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ‘আজ দুপুর ২ টো ৪৫ মিনিট থেকে দুপুর ২ টো ৪৭ মিনিটের মধ্যে কলকাতার আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। আবার দুপুর ২ টো ২৯ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিটের মধ্যে উত্তর ২৪ পরগনার দমদমে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে।’

ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা
আর সেই পরিস্থিতিতে ব্যাহত হয়েছে শিয়ালদা শাখার লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রোর পরিষেবা। ঝড়ের জেরে শিয়ালদা-বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনের ওভারহেড তার ছিঁড়ে যায়। তার জেরে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল শিয়ালদা-বারাসত শাখায়। প্রায় দেড় ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু হয় সেখানে। পরিষেবা ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখাতেও। বাবুঘাটে লাইনে পড়ে যায় গাছ। এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে দাবি করা হয়েছে।
কলকাতা মেট্রোর পরিষেবাও ব্যাহত হয়
আবার প্রবল বজ্রপাত ও ঝড়-বৃষ্টির জেরে সতর্কতামূলক ব্যবস্থা কলকাতা মেট্রোর ব্লু লাইনে কিছুক্ষণের জন্য পরিষেবা কাটছাঁট করা হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘ঝড় ও ভারী বর্ষণের সময় (যাত্রীদের) নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুপুর ২ টো ৫৫ মিনিট থেকে দুপুর ৩ টে ১৬ মিনিট পর্যন্ত গিরিশ পার্ক এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সীমিত পরিষেবা চালু ছিল। এরপর স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করা হয়।’
গাছ পড়ল, ক্ষতিগ্রস্ত শপিং মল
তাছাড়াও কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্তের রাস্তায় গাছ ভেঙে পড়েছে। সল্টলেক, ময়দান, গল্ফগ্রিন এলাকায় ভেঙে পড়েছে গাছ। সল্টলেকে একটি গাড়ির উপরে গাছ ভেঙে পড়ে। তবে গাড়ির ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা বরাতজোরে রক্ষা পান। আবার দক্ষিণ কলকাতার একটি শপিং মলের কাচের একাংশ খুলে গিয়েছে। তবে কোনওরকম বিপদ হয়নি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


