Baruipur Murder Latest Update: বারুইপুরে খুনের মামলা রুজু পুলিশের, গ্রেফতার ১, 'যেতে চেয়েছিলেন মমতা, কিন্তু...'
Baruipur Murder Latest Update: বারুইপুরের ঘটনায় আপাতত খুনের মামলা রুজু করল পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে যে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়েছিল কিনা। তারইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারুইপুরে যেতে চেয়েছিলেন।
Baruipur Murder Latest Update: বারুইপুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, নিখোঁজ হওয়ার আগে ধৃতের সঙ্গে নাবালিকাকে দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেটার প্রেক্ষিতেই রবিবার সকালেই তাঁকে আটক করা হয়েছিল। পরে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ওই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের দলই তদন্তভার সামলাবে। তবে আপাতত ওই ঘটনায় ধর্ষণের মামলা রুজু করা হয়নি। প্রাথমিকভাবে খুনের মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রয়োজনমতো ধারা যুক্ত করা হবে বলে সূত্রের খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, অটোপসি রিপোর্ট হাতে পাওয়ারই বোঝা যাবে যে কীভাবে নাবালিকাকে খুন করা হয়েছে বা যৌন নিগ্রহের শিকার হয়েছিল কিনা।

বন্ধুর জন্মদিনের গিফট কিনতে বেরিয়েছিল নাবালিকা
নাবালিকার পরিবারের তরফে অবশ্য অভিযোগ করা হয়েছে যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। চারজন তাকে অপরহণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ অফিসার জানিয়েছেন যে বন্ধুর জন্মদিনের জন্য শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গিফট কিনতে গিয়েছিল নাবালিকা। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে সূর্যপুর হাট এলাকার একটি পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়।
এক যুবককে পিটিয়ে হত্যা করেন বিক্ষোভকারীরা
তারপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নাবালিকার দেহ ঘিরে চলতে থাকে বিক্ষোভ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে অবরোধ করা হয় বারুইপুর-জয়নগর রাস্তা। জ্বালানো হয় টায়ার। ভাঙচুর চালানো হয় পুলিশের কয়েকটি গাড়িতেও। প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বাড়ুই জানিয়েছেন, নাবালিকার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি আশ্বাস দেওয়ার পরে ওঠে অবরোধ। মাইক্রোফোন ব্যবহার করে তিনি ঘোষণা করেন, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমায় ফোন করেছেন। তিনি বলেছেন যে সব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে।' সেইসঙ্গে তিনি জানান, নাবালিকার বাবা-মায়ের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন মুখ্যমন্ত্রী।
বারুইপুরে যেতে চান মমতা, দাবি কুণালের
তারইমধ্যে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন যে ‘নেত্রী’ বারুইপুরে সশরীরে যেতে চেয়েছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁর বাড়ির সামনে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে। ‘নেত্রী’ বলতে তিনি কারও নাম করেননি। তবে ‘নেত্রী’ হিসেবে কুণাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (কালীঘাট) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
কুণাল দাবি করেছেন, ‘বারুইপুর যেতে চেয়েছিলেন জননেত্রী। খবর পেয়ে তাঁকে আটকাতে তাঁর বাড়ির সামনে বিরাট পুলিশবাহিনী, ব্যারিকেড; যাতে নেত্রী এখন বেরোতে না পারেন। সূত্রের খবর, কালও এই ব্যারিকেড থাকবে। পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু বলা হয়নি। কিন্তু একাধিক সূত্র বিষয়টি জানাচ্ছে। নেত্রী তৈরি হয়ে গিয়েছিলেন। আপাতত পরিস্থিতি জটিল।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


