...
...
...
Next StoryDown Arrow

Bhawanipore Election Result 2026: একইভাবে পরপর ২ বার মমতাকে হারালেন শুভেন্দু! জয় ১৫১৪৪ ভোটে, মুখ্যমন্ত্রী কনফার্ম?

Bhowanipore Election 2026 Vote Counting Highlights: তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী- হাইপ্রোফাইল ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে কে জিতছেন? ভবানীপুর কেন্দ্রের ভোটগণনার লাইভ আপডেট দেখুন।

Updated on: May 04, 2026 09:27 pm IST
Advertisement

Bhowanipore Election 2026 Vote Counting Highlights: একই অঙ্ক, একই হিন্দুত্বের কৌশল, ভোটের গোড়া থেকেও সেই কৌশল ও অঙ্ক একেবারে প্রকাশ্যে বলে এসেছেন শুভেন্দু অধিকারী - তারপরও নিজের পাড়ার বিধানসভায় হেরে গেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা সম্ভবত মমতার রাজনৈতিক জীবনের সবথেকে বড় অন্ধকারতম অধ্যায় হয়ে থাকল। তাও ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভায় যে হেরে গিয়েছিলেন, সেটার স্বপক্ষে তাও কিছুটা যুক্তি থাকলেও এবার যেভাবে বলে-বলে রাউন্ড ধরে-ধরে শুভেন্দু হারালেন, তাতে মমতার রাজনৈতিক কেরিয়ারে দাগ হয়ে গেল। আর অন্যদিকে পরপর দু'বার মুখ্যমন্ত্রীকে হারিয়ে বিজেপিতে 'লেজেন্ড' হয়ে গেলেন শুভেন্দু। সেইসঙ্গে কার্যত মুখ্যমন্ত্রীর কুর্সি নিশ্চিত হয়ে গেল (যদি না শেষমুহূর্তে চমক দেয় বিজেপি, যে কাজটা প্রায়শই করে থাকে, তবে হিমন্ত বিশ্বশর্মার উদাহরণ কাজ করতে পারে শুভেন্দুর ক্ষেত্রেও)।

ভবানীপুরের রাউন্ড-ভিত্তিক ফলাফল

শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়।

১) প্রথম রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ৩,৬৬৬ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ১,৬৭০ ভোট।

২) দ্বিতীয় রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ১,১৫৬ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৪,৭১০ ভোট।

৩) তৃতীয় রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ৪,৫৩৭ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ২,০৮১ ভোট।

৪) চতুর্থ রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ৭,৮৮৫ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৩০১ ভোট।

৫) পঞ্চম রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ৮,৬৯৮ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৪৭৪ ভোট।

৬) ষষ্ঠ রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ৪,৬০৬ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ১,৯১৯ ভোট।

৭) সপ্তম রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ২,২৭৪ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৪,২৯৬ ভোট।

৮) অষ্টম রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ২,৭০০ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৪,৫৭৭ ভোট।

৯) নবম রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ২,৮০৬ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৪,৪৫৮ ভোট।

১০) দশম রাউন্ড: মমতা বন্দ্যোপাধ্যায় ২,৮১০ ভোট পান। শুভেন্দু অধিকারী পান ৪,৫২১ ভোট।

— রাত ৯ টা ৫ মিনিট: ভবানীপুরে আরও পিছিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১,০০৩ ভোটের লিড নিলেন শুভেন্দু অধিকারী। অষ্টাদশ রাউন্ডের শেষে এই ফলাফল।

— রাত ৮ টা ৫৭ মিনিট: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সপ্তদশ রাউন্ডের শেষে ৬,২২৬ ভোটে পিছিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী।

— রাত ৮ টা ৫৩ মিনিট: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার কার্যত নিশ্চিত হয়ে গেল? কারণ ৬,০০০-র বেশি ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

— রাত ৮ টা ১২ মিনিট: বেসরকারি সূত্র অনুযায়ী, ৩,৮০০ ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। শেষমুহূর্তে কামব্যাক করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর তিনটি রাউন্ডের গণনা বাকি আছে।

— সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট: শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল 'জয় শ্রীরাম' স্লোগান। সেইসঙ্গে স্লোগান উঠল 'চোর মমতা দূর হটো'।

— সন্ধ্যা ৭ টা ২১ মিনিট: ৫৩৮ ভোটে পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে? ১৬ রাউন্ডের গণনা হয়েছে। আর চার রাউন্ডের গণনা বাকি।

— সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট: ২০২১ সালের নন্দীগ্রামে যে নাটকীয়তা দেখা গিয়েছিল, তার যেন পুনরাবৃত্তি হচ্ছে ২০২৬ সালের ভবানীপুরে। ভিতরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের দাবি, গণনার ক্ষেত্রে নির্বাচন কমিশন কারচুপির চেষ্টা করছে। তাই গণনা স্থগিত আছে। ভিতরে ঢুকতে দেওয়া হয়নি মমতার এজেন্টকে। পালটা বিজেপির দাবি, গণনাকেন্দ্রে তৃণমূল মারপিট শুরু করেছে।

— সন্ধ্যা ৬ টা ১৪ মিনিট: ১৪ রাউন্ডের গণনা শেষ। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন ক্রমশ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। মাত্র ২,০০০ ভোটে এগিয়ে আছেন মমতা।

— সন্ধ্যা ৬ টা ২ মিনিট: ৩০ মিনিটেরও বেশি সময় স্থগিত রয়েছে ভবানীপুরে ভোটগণনা। ত্রয়োদশ রাউন্ড পর্যন্ত গণনা চলেছে। সেইসময় পর্যন্ত ৫,৩৪৯ ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

— বিকেল ৪ টে ৪২ মিনিট: হেস্টিংয়ে গণনাকেন্দ্রে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নিয়ম মোতাবেক শুধুমাত্র প্রার্থী বা এজেন্ট থাকতে পারেন।

— বিকেল ৪ টে ৩০ মিনিট: ভবানীপুরে ত্রয়োদশ রাউন্ডের গণনা শেষ। ৫,৩৪৯ ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিড আরও কমিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী।

— দুপুর ৩ টে ৪৫ মিনিট: ভবানীপুর বিধানসভার গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৈরি হল উত্তেজনা। মুখ্যমন্ত্রী গাড়ির সামনে 'চোর, চোর' স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

— দুপুর ৩ টে ৩৫ মিনিট: হু হু করে ব্যবধান কমাচ্ছেন শুভেন্দু অধিকারী। দ্বাদশ রাউন্ডের শেষে ৭,১৮৪ ভোটে এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

— দুপুর ১ টা ৫০ মিনিট: নবম রাউন্ডের শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ১৩,০০০ ভোটে এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১৩,৮৪২ ভোটে এগিয়ে আছেন।

— বেলা ১২ টা ১৩ মিনিট: ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের লিড বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ১৬,৭০৬ ভোটে এগিয়ে আছেন। তাঁর প্রাপ্ত ভোট হল ২৫,৯৪২। আর ৯,২৩৬ ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী।

— সকাল ১১ টা ৫১ মিনিট: ভবানীপুর কেন্দ্রে চতুর্থ রাউন্ডের গণনা শেষ। আপাতত ৮,০০০-র বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭,২৪৪। আর শুভেন্দুর প্রাপ্ত ভোটের সংখ্যা ৮,৭৬২। তবে সপ্তম রাউন্ড থেকে মমতার কাজটা কঠিন হবে বলে দাবি বিজেপির। রাজনৈতিক মহলের বক্তব্য, ভবানীপুরে পুরোপুরি মেরুকরণের ভোট হয়েছে।

— সকাল ১১ টা ৪ মিনিট: ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৮৭৮ ভোটে এগিয়ে গেলেন।

— সকাল ১০ টা ৩০ মিনিট: ১,৫৫৮ ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

— সকাল ১০ টা ৩০ মিনিট: শুভেন্দু অধিকারী দাবি করলেন, দ্বিতীয় রাউন্ডের শেষে ২,২০০ ভোটে এগিয়ে আছেন তিনি। হিন্দু ওয়ার্ড ছিল। ৭৭ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বড় লিড পাবেন। আমি দশম রাউন্ডের পর থেকে আমি লিড পেয়ে যাবে।

— সকাল ১০ টা ১ মিনিট: প্রথম রাউন্ডের শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১,৯৯৬ ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রাপ্ত ভোট ৩,৬৬৬ ভোট। শুভেন্দুর ঝুলিতে ১,৬৭০ ভোট পড়েছে।

— সকাল ৯ টা ৩১ মিনিট: দেড় ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি।

— সকাল ৯ টা: ভবানীপুরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশনের প্রদান করা সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলা নির্বাচনী আধিকারিক, রিটার্নিং অফিসার ও স্থানীয় অবজার্ভার সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে।

— সকাল ৮ টা ৪৭ মিনিট: গণনা শুরু হওয়ার পরে ৪৭ মিনিট অতিক্রান্ত। তবে ভবানীপুরের এখনও প্রাথমিক ট্রেন্ড সামনে আসেনি। কড়া নিরাপত্তার মধ্যে গণনা হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে।

— সকাল ৮ টা: ভবানীপুর আসনে ভোটগণনা শুরু হয়ে গেল। দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ইভিএমের গণনা শুরু হওয়ার কথা আছে।

— ভবানীপুর শুভেন্দুর জন্য ‘উইন-উইন সিচুয়েশন’। যদি মুখ্যমন্ত্রীকে হারিয়ে জিতে যান, তাহলে বঙ্গ বিজেপিতে তাঁকে ছোঁয়ার মতো কোনও নেতা থাকবেন না। আবার হেরে গেলেও বলতে পারবেন যে দেখুন, মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে লড়াই করে এসেছি। সেই চ্যালেঞ্জটা নিয়েছি।

আরও পড়ুন: Panihati Election Results 2026 Live: অভয়ার মা, প্রতিবাদী কলতান না অভিযুক্ত বিধায়কের ছেলে? শুরু হবে পানিহাটির ভোটগণনা

--- নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভবানীপুরে ইভিএমের গণনা হবে মোট ২০ রাউন্ড।

— তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে সর্বধর্ম সমন্বয় ও উন্নয়নের উপরেই জোর দিয়ে প্রচার করেছেন। প্রচার-পর্বের একেবারে শেষদিকেই মূলত কর্মসূচি করেছেন। তাঁর কেন্দ্রে অনেকটা সময় দিয়েছেন বরং ফিরহাদ হাকিম।

— নিজের পাড়া, নিজের বিধানসভা - 'ঘরের মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর যতটা 'কেকওয়াক' হওয়ার কথা ছিল, তা মোটেও এবার নেই। আর সেটার নেপথ্যে আছেন শুভেন্দু অধিকারী ও তাঁর প্রচার কৌশল। পাঁচ বছর আগে নিজের ডেরা নন্দীগ্রামে মমতাকে হারানোর পরে শুভেন্দুর মধ্যে বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে। সেইসঙ্গে তাঁর হারানোরও কিছু নেই। সবমিলিয়ে ভবানীপুর বিধানসভা নির্বাচনে এবার এখানে সেয়ানে-সেয়ানে লড়াই হয়েছে। শেষপর্যন্ত ভবানীপুরে শেষ হাসি কে হাসবেন? ভোটগণনার যাবতীয় লাইভ আপডেট দেখে নিন।

আরও পড়ুন: WB 2nd Phase Vote Counting LIVE: তৃণমূলের দুর্গ অক্ষত থাকবে? বাজিমাত বাম-বিজেপির? দ্বিতীয় দফার ১৪২ আসনের ভোটগণনা

--- বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু আগাগোড়া চড়া হিন্দুত্বের উপরে জোর দিয়েছেন। প্রচারের প্রথম দিন হোক বা মনোনয়নপত্র জমা দেওযা হোক বা প্রচারের শেষ দিন হোক- শুভেন্দু হিন্দুত্বের উপরে গুরুত্ব আরোপ করে মূলত ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে পরিচিত ভবানীপুরের অবাঙালি হিন্দু ভোটারদের (গুজরাটি, রাজস্থানি, মারোয়ারি) ভোট টানার চেষ্টা করেছেন।

শোভনদেব, নন্দীগ্রামে মমতার হার ও ভবানীপুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ৭৩,৫০৫ ভোট পেয়েছিলেন (৫৭.৭১ শতাংশ)। আর বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ পেয়েছিল ৪৪,৭৮৬ ভোট। অর্থাৎ ২৮,৭১৯ ভোটে জিতেছিলেন শোভনদেব। কিন্তু নন্দীগ্রামে হেরে যাওয়ায় মমতাকে ভবানীপুর আসন ছেড়ে দিয়েছিলেন বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন: WB Election Results 2026 Vote Counting: ৪ মে চতুর্থবার? নাকি প্রথমবার? ভোটগণনার আগে মাধ্যমিক রেজাল্টের মতো টেনশনে বাংলা

তারপর ভবানীপুরে উপ-নির্বাচন হয়। সেখানে রেকর্ড ৫৮,৮৩২ ভোটে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারিয়ে দিয়েছিলেন মমতা। সেই জয়ের পরে তিনি বলেছিলেন, ‘ভবানীপুরে ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। এবার ১.১৫ লাখের মতো ভোট পড়েছে। আমরা ৫৮.৮৩২ ভোটে জিতেছি।’

মমতার ওয়ার্ডেই পিছিয়ে ছিল তৃণমূল

কলকাতা পুরনিগমের আটটি ওয়ার্ড পড়ছে ভবানীপুর বিধানসভা আসনের মধ্যে - ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২। ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই ভবানীপুরে বিজেপির শক্তি বেড়েছে। এমনকী গত লোকসভা ভোটে তো মমতার নিডের ৭৩ নম্বর ওয়ার্ড থেকে লিড পায়নি তৃণমূল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Subscribe Now!