Bullet Train in Bengal Expansion: বুলেট ট্রেন পাচ্ছে বাংলার আরও ২ জেলা, অনুমোদন রেলের, কতদূর তৈরি হবে নয়া করিডর?
Bullet Train in Bengal Expansion: বুলেট ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গের আরও দুটি জেলা। মেগা প্রকল্পে অনুমোদন দিল ভারতীয় রেল। এমনিতে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডর তৈরির প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।
Bullet Train in Bengal Expansion: সবকিছু ঠিকঠাক থাকলে বুলেট ট্রেন আসছে পশ্চিমবঙ্গের আরও দুটি জেলায়। কারণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত যে বুলেট ট্রেন করিডর তৈরি হওয়ার কথা ছিল, সেটা গুয়াহাটি পর্যন্ত এগিয়ে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রক। তার ফলে শিলিগুড়িতেই না থেমে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। আর যাত্রাপথে ছুঁয়ে যাবে পশ্চিমবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারকেও।

গুয়াহাটি থেকে দিল্লি বুলেট ট্রেন
রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘গুয়াহাটি থেকে দিল্লিতে পৌঁছে যাবে আট ঘণ্টারও কম সময়? হ্যাঁ! গুয়াহাটি পর্যন্ত উত্তরের বুলেট ট্রেন করিডরের সম্প্রসারণের (সিদ্ধান্ত) পূর্ব ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ওই করিডর শিলিগুড়িতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। জুলাইয়ে আমার লিখিত অনুরোধ এবং অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাতের পরে তিনি আমাদের প্রস্তাবের যৌক্তিকতা দেখতে পান। আর উত্তর-পূর্ব (ভারতে) সেই (বুলেট ট্রেন করিডরের) সম্প্রসারণের অনুমোদন দেন।’
দিল্লি থেকে শিলিগুড়ি হাইস্পিড করিডরের পরিকল্পনা ছিল
আসলে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডর তৈরির ঘোষণা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড করিডর তৈরি করা হবে। তারপর বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত তৈরি করা হবে হাইস্পিড করিডর। যে করিডর দিয়ে ছুটবে হাইস্পিড বুলেট ট্রেন। এবার সেটাই বাড়িয়ে গুয়াহাটি পর্যন্ত করা হওয়ায় পশ্চিমবঙ্গের আরও দুটি জেলার ভাগ্য খুলে গেল।
হাওড়া-গুয়াহাটি রুটের ২ ‘সেরা’ ট্রেনই যায় কোচবিহার-আলিপুরদুয়ার হয়ে
কারণ হাওড়া-গুয়াহাটি রুটের দুটি ‘সেরা’ ট্রেনই নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার হয়ে অসমে পৌঁছায়। বর্তমানে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন নিউ জলপাইগুড়ি ছাড়ার পরে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়ায়। তারপর ঢুকে যায় অসমে। আর হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে স্টপেজ দেওয়ার পরে অসমে ঢুকে যায়।
সেই পরিস্থিতিতে গুয়াহাটি পর্যন্ত যে বুলেট ট্রেন করিডর হবে, তাও নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার রুট হয়েই পশ্চিমবঙ্গ থেকে অসমে প্রবেশ করবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে যাত্রাপথে বুলেট ট্রেন ছুঁয়ে যাবে পশ্চিমবঙ্গের আরও দুটি জেলাকে - কোচবিহার এবং আলিপুরদুয়ার। বিষয়টি নিয়ে অবশ্য সরকারিভাবে রেলের তরফে কিছু জানানো হয়নি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


