...
...
Next Story

Bengal Universities Convocation Dress: সমাবর্তনে রোব-টুপির বদলে উত্তরীয়! হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের নির্দেশ রাজ্যের

Bengal Universities Convocation Dress: সমাবর্তনে এবার রোব ও টুপি বদলে উত্তরীয়! পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে হ্যান্ডলুম পোশাকের নির্দেশিকা দিল উচ্চশিক্ষা দফতর। ইউরোপীয় মডেলের পরিবর্তে ভারতের সংস্কৃতির উপরে জোর দেওয়া হচ্ছে।

Published on: Nov 25, 2026, 09:59:56 IST
Advertisement

Bengal Universities Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মানেই এত দিন চোখে ভাসত কালো রোব, হুড আর চৌকো টুপি। সেই চেনা ছবিতে এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল পশ্চিমবঙ্গে। সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক অনুষ্ঠানে প্রচলিত গাউন বা রোবের পরিবর্তে দেশীয় হস্তচালিত তাঁত বা হ্যান্ডলুমের তৈরি ঐতিহ্যবাহী পোশাক এবং ‘উত্তরীয়’ চালুর পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি পাঠাল রাজ্য উচ্চশিক্ষা দফতর।

সমাবর্তনের পোশাকবিধি নিয়ে নির্দেশিকা দিল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
সমাবর্তনের পোশাকবিধি নিয়ে নির্দেশিকা দিল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির পুরনো সুপারিশকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হলেও, বাংলার শিক্ষাঙ্গনে নিজস্ব সংস্কৃতি ও আবহাওয়ার উপযোগী পোশাক ফিরিয়ে আনার এই উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে শিক্ষামহল থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে।

আরও পড়ুন: Kolkata and WB Weather Forecast: এক রাতে ৩.২ ডিগ্রি কমল তাপমাত্রা! অবশেষে ১৯-তে নামল কলকাতার পারদ, ঠান্ডা বাড়বে?

ইউজিসির নির্দেশিকা ও রাজ্যের অবস্থান

উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারির জারি করা এই অ্যাডভাইজরিতে ২০২৪ সালের ১৬ জানুয়ারির ইউজিসি নির্দেশিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ অনুষ্ঠান ও সমাবর্তনের পোশাকে হ্যান্ডলুম কাপড় ব্যবহারের বিষয়ে ইউজিসি আগেও বিশ্ববিদ্যালয়গুলিকে অনুরোধ জানিয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় হ্যান্ডলুমের তৈরি পোশাক দেশের আবহাওয়ার সঙ্গে অনেক বেশি মানানসই এবং আরামদায়ক। পাশাপাশি, এর ফলে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্ববোধ তৈরি হয় এবং গ্রামীণ তাঁতশিল্প ও তাঁতিদের জীবিকা নির্বাহেও বড় সহায়তা মেলে।

এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট করেছেন যে, ঔপনিবেশিক বা ইউরোপীয় ধারা অন্ধভাবে অনুসরণ করার প্রয়োজন নেই। তাঁর কথায়, ২০১৫ সাল থেকেই ইউজিসি এ বিষয়ে একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে এবং দেশের প্রায় ৯০ থেকে ৯২টি কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রথাগত ভারতীয় পোশাকে ফিরে গিয়েছে। বিশ্বভারতীতে বরাবরই নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সমাবর্তন হয়, যেখানে ইউরোপীয় প্রথার স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্নাতক থেকে ডক্টরেট: আলাদা নকশার উত্তরীয়

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক , স্নাতকোত্তর (PG) এবং পিএইচডি (PhD) ডিগ্রিপ্রাপকদের জন্য আলাদাভাবে ‘উত্তরীয়’ চালুর কথা বলা হয়েছে। কোন স্তরের পড়ুয়ার জন্য উত্তরীয়ের নকশা বা রঙ কেমন হবে, তা ঠিক করার স্বাধীনতা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হাতেই রাখা হয়েছে। তবে নকশা বাছাইয়ের ক্ষেত্রে ভারতীয় ঐতিহ্য এবং স্থানীয় আবহাওয়ার বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: Govt Pension Scheme: সরকারের দারুণ স্কিম! মাসে ২১০ টাকা জমা দিয়ে পান ৫,০০০ টাকা করে, কৌশলও আছে বিশেষ

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মতামত সংগ্রহ করার পরেই উচ্চশিক্ষা দফতর এই পরামর্শ দিয়েছে। শিক্ষামন্ত্রীর মতে, এখন প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে সমাবর্তন পোশাকের রূপরেখা চূড়ান্ত করতে পারবে, যেখানে ইউজি, পিজি এবং পিএইচডি অনুযায়ী উত্তরীয়ের ভিন্নতা থাকতে পারে।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks