Sourav Ganguly complaint: অবমাননাকর এবং বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠাকুরপুকুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেটের বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি দাবি করেছেন, 'Sourav Ganguly Fans' নামে একটি ফেসবুক পেজের তরফে লাগাতার এমন পোস্ট করা যাচ্ছে, যা তাঁর সম্বন্ধে জনমানসে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করতে তৈরি করতে পারে। তাঁর সম্মান ও ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌরভ। ওই ফেসবুক পেজ সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং একটি স্পোর্টস ওয়েবসাইটের বিষয়েও অভিযোগপত্রে তথ্য উল্লেখ করেছেন প্রাক্তন ভারতীয় বোর্ড সভাপতি।
ভারতের প্রাক্তন অধিনায়ক অভিযোগ করেছেন, 'সংশ্লিষ্ট ফেসবুক পেজ (যে পেজে ৩৬ লাখের বেশি ফলোয়ার আছেন এবং সেটি সৌরভের অফিসিয়াল ফ্যান পেজ বলেও অভিযোগপত্রে দাবি করা হয়েছে) ওরকম তথ্য ছড়িয়ে আমার ব্যক্তিগত ও পেশাদারি ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।' সেই পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট।
আর সৌরভ যে মামুলি কোনও কারণে পুলিশের দ্বারস্থ হননি, সেটাও অভিযোগপত্রে স্পষ্ট করে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, ‘একজন পাবলিক ফিগার (সেলিব্রিটি) হিসেবে আমি বুঝি যে মতামত ও সমালোচনা জনজীবনেরই একটি অংশ; তবে আমার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর, মানহানিকর ও ক্ষতিকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
সেই রেশ ধরে সৌরভ বলেছেন, ‘আমি আপনাকে বিনীতভাবে এই পেজটি পরিচালনাকারী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আমার অভিযোগ নথিভুক্ত করতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’ আর সেই অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন যে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।