...
...
Next Story

Taratala godown collapse update: রক্তমাংস লেগে লোহার বিমে, আর্তনাদ শুনে উদ্ধারের চেষ্টা- ভয়াবহ অবস্থা তারাতলায়

Taratala godown collapse update: তারাতলার নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। আপাতত যা খবর, তাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কমপক্ষে ১০ জনকে। এখনও অনেকে আটকে আছেন ধ্বংসস্তূপের নীচে।

Published on: Jun 24, 2026, 15:50:44 IST
Advertisement

Taratala godown collapse update: লোহার বিমে লেগে আছে রক্তমাংস, কারও মাথা থেঁতলে গিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের হয়েছে কারও হাত, ধ্বংসস্তূপের নীচ থেকে শোনা যাচ্ছে বাঁচানোর আর্তনাদ- তারাতলার নির্মীয়মাণ গুদামের ছাদ যেখানে ভেঙে পড়েছে, সেখানে এরকমই সব ভয়ংকর দৃশ্য দেখা যাচ্ছে। বুধবার দুপুরে ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। তার জেরে আটকে পড়েন একাধিক শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে আপাতত ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। কতজন হতাহত হয়েছেন, সে বিষয়েও আপাতত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কমপক্ষে পাঁচজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সকাল থেকেই কাঠামো নড়ছিল, উঠল অভিযোগ

এমনই ভয়াবহ পরিস্থিতি হয়েছে তারাতলার নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে। (ছবি সৌজন্যে পিটিআই)
এমনই ভয়াবহ পরিস্থিতি হয়েছে তারাতলার নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে। (ছবি সৌজন্যে পিটিআই)

সূত্রের খবর, বছরদেড়েক ধরে ব্রেসব্রিজ স্টেশন লাগোয়া ট্রান্সপোর্ট ডিপো সংলগ্ন ওই গুদামের নির্মাণ কাজ চলছিল। লিজে জমি নিয়ে সেই কাজ চালাচ্ছিল একটি চা সংস্থা। লোহার বিমের উপরে টিনের উপরে ঢালাই করা হচ্ছিল। যে লোহার কাঠামোর উপরে কংক্রিটের স্তর ছিল, তা আজ সকাল থেকেই নড়ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঠামো পরীক্ষা করতে যান কয়েকজন শ্রমিক। সেইসময় হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ে। চাপা পড়ে যান শ্রমিকরা।

উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, NDRF

সেই বিপর্যয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরবর্তীতে উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)। গ্যাসকাটারের সাহায্যে লোহার বিম কেটে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজের চেষ্টা করা হচ্ছে। ড্রিলিং করে তৈরি করা হয়েছে ভার্টিকাল রাস্তা। ক্রেনের সাহায্যে শেডের ভাঙা অংশ সরিয়ে দ্রুত আহতদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য বলেছেন যে 'ধ্বংসস্তূপের নীচ থেকে যে আর্তনাদ ও সাহায্যের জন্য আর্তি করা হচ্ছে, তা অনুসরণ করছি (এবং তাঁদের উদ্ধারের চেষ্টা করছি)। যাঁরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা যায়, সেই চেষ্টা করছি আমরা।'

আরও পড়ুন: Abhishek Banerjee Foreign Travel Case: তাড়াতাড়ি বিদেশে যেতে দেওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে খেলেন জোরদার ধাক্কা

বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে মন্ত্রীরা

তবে কীভাবে সেই বিপর্যয় ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নীচের তলায় নির্মাণকাজ চলছিল। প্রথম এবং দ্বিতীয় তলার কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। লোহার বিমের উপরে যে ঢালাই করা হয়েছিল, তা ভার বহন করতে পারেনি বলে মনে হচ্ছে। তার জেরেই পুরো কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বলে দাবি করেছেন ওই প্রত্যক্ষদর্শী।

আরও পড়ুন: Mahua Moitra on Suvendu Adhikari: 'পুরো রাত কেঁদেছিলাম', পাশে শুধু শুভেন্দু ছিলেন, পুরনো কথা ফাঁস করলেন মহুয়া

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অনেকদিন ধরেই এলাকায় বেআইনি নির্মাণকাজ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেছেন, 'কী কারণে এই বিপর্যয় হয়েছে, তা নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। কোনওরকম অনিয়ম হয়েছে, তাও দেখা হবে। তবে আপাতত ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া শ্রমিকদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার উপরে সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।' তাছাড়াও ঘটনাস্থলে এসেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, কলকাতার পুর প্রশাসক স্মিতা পান্ডেও। আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe