WB Exit Polls 2026: বাংলার মসনদে কে? আজ এক্সিট পোলে মিলতে পারে আভাস, কখন আসবে? ২০২১ সালে ফল মিলেছিল?

WB Exit Polls 2026: আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। আর তারপরই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কি বুথফেরত সমীক্ষা মিলে গিয়েছিল?

Published on: Apr 29, 2026, 08:03:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Exit Polls 2026: রাস্তার দু'ধারের দোকানে লাগিয়ে রাখা তৃণমূল কংগ্রেস, বিজেপির পতাকা। একই দোকান থেকে দু'দলের পতাকা পতপত করে উড়ছে। খুলে ফেলা হয়নি তৃণমূলের পতাকা বা বিজেপির পতাকা। মাঝে-মাঝে সেই পতাকার ভিড়ে বাম, কংগ্রেসের অস্তিত্বও মিলছে।

দ্বিতীয় দফায় সকাল-সকাল উত্তর ২৪ পরগনায় ভোটের লাইনে এক যুবতী। (ছবি সৌজন্যে, ফেসবুক Chief Electoral Officer West Bengal)
দ্বিতীয় দফায় সকাল-সকাল উত্তর ২৪ পরগনায় ভোটের লাইনে এক যুবতী। (ছবি সৌজন্যে, ফেসবুক Chief Electoral Officer West Bengal)

আর সেই দৃশ্য থেকে স্পষ্টই যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার কোন দলের পক্ষে হাওয়া বইছে, সে বিষয়ে নিশ্চিত নয় বেশিরভাগ মানুষের কাছেই। বিশেষত প্রথম দফায় রেকর্ড ৯৩ শতাংশের বেশি ভোট পড়ায় সব অঙ্ক যেন ঘেঁটে গিয়েছে। সেই আবহে আজ ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণের পরই সন্ধ্যায় বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের পূর্বাভাস সামনে আসবে। তা থেকে একটা আভাস মিলতে পারে যে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে কোন দল বাজিমাত করবে।

তবে এটা মোটা মনে রাখতে হবে, বুথফেরত সমীক্ষা যে সঠিক হবে, এর কোনও নিশ্চয়তা নেই। অতীতে অনেক সময় এক্সিট পোলে যা বলা হয়েছিল, তা হুবহু মিলে গিয়েছে। আবার এমনও হয়েছে যে বুথফেরত সমীক্ষায় যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তা পুরোপুরি উল্টো ‘রেজাল্ট’ এসেছে আসল ফলাফলের সময়। তাও বুথফেরত সমীক্ষা নিয়ে সবপক্ষের মধ্যেই বাড়তি উন্মাদনা থাকে।

আরও পড়ুন: Gujarat municipal election 2026 result: গুজরাটে বিজেপি দুর্গে ‘সাইকেল’ ছোটাল মমতার ‘বন্ধু’ দল, এন্ট্রি নিল ওয়েইসির মিমও!

২০২১ সালের এক্সিট পোলে কোন দল এগিয়েছিল?

১) ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩৪-১৬০টি আসন।

২) এবিপি-সি ভোটার বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আবারও ক্ষমতা দখল করতে চলেছে তৃণমূল। তবে ২০১৬ সালের থেকে একধাক্কায় অনেকটা আসন কমে যাবে। ওই বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল যে ১৫২-১৬৪টি আসন পেতে পারে তৃণমূল। আর বিজেপি পেতে পারে ১০৯-১২১টি আসন।

৩) সিএনএন-নিউজ ১৮-র বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ১৬২টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল। বিজেপি থেমে যেতে পারে ১১৫-তে। আবার বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের ঝুলিতে ১৫টি আসন যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

৪) রিপাবলিক-সিএনএক্সের এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ১৪৩-১৪৮টি আসন পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ১২৮-১৩৮টি আসন পেয়ে ক্ষমতাচ্যুত হতে চলেছে তৃণমূল।

আরও পড়ুন: WB Election 2026 2nd Phase Voting LIVE: ভবানীপুরে পুলিশের ধমক খেলেন মমতার ভাই, 'সিংহম' যাচ্ছেন ‘পুষ্পা’ সাম্রাজ্যে

অর্থাৎ অধিকাংশ সমীক্ষার সারমর্ম ছিল যে তৃণমূল ২০০ পার করতে পারবে না এবং বিজেপি ১০০ থেকে ১৬০-এর মধ্যে থাকবে। অনেকেই একটি ‘ত্রিশঙ্কু’ বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

২০২১ সালের আসল ফলাফল কী হয়েছিল?

কিন্তু শেষপর্যন্ত সেইসব ইঙ্গিত মেলেনি। কারণ ২০২১ সালের ২ মে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে ২৯২টি আসনের মধ্যে (দুটি আসনে ভোট স্থগিত থাকায় ২৯২টিতে নির্বাচন হয়েছিল) তৃণমূল জিতেছে ২১৩টি আসন। ২০০ আসনের স্বপ্ন দেখা বিজেপি থমকে গিয়েছিল মাত্র ৭৭-তে। বাম-কংগ্রেস এবং আইএসএফ জোট কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: Kolkata girl shines in Math Olympiad: অঙ্কের অলিম্পিয়াডে ইতিহাস ভারতের, দলে কলকাতার ১৬ বছরের শ্রীময়ীও, গর্ববোধ মোদীর

২০২৬ সালের এক্সিট পোল কখন?

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ছ'টায় ভোটগ্রহণ-পর্ব শেষ হওয়ার পরে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের পর থেকে এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ মোটামুটি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে বুথফেরত সমীক্ষার আভাস আসতে শুরু করে দেবে। যা হিন্দুস্তান টাইমস বাংলায় দেখা যাবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More