...
...
Next Story

WB Govt Employees Holiday: মমতার মতো বকরি ইদে ২ দিন ছুটি নয়, ১ দিনই বন্ধ থাকবে সরকারি অফিস, ঘোষণা রাজ্যের

WB Govt Employees Holiday: বকরি ইদে দু'দিন নয়, একদিনই ছুটি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে বলা হয়েছিল যে বকরি ইদের জন্য ২৭ মে ছুটি থাকবে। আর বকরি ইদের আগেরদিনও ছুটি দেওয়া হয়েছিল।

Published on: May 23, 2026, 14:59:31 IST
Advertisement

WB Govt Employees Holiday: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো দু'দিন ছুটি দেওয়া হবে না বকরি ইদে। বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে, বকরি ইদের জন্য এবার একদিনই ছুটি থাকবে। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে বকরি ইদের জন্য ২৭ মে ছুটি থাকবে। আর বকরি ইদের আগেরদিনও ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বকরি ইদ পালন করা হবে ২৮ মে। সেইমতো শুধুমাত্র ২৮ মে ছুটি থাকবে বলে রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে।

কবে ছুটি? কবে খোলা অফিস?

খুশির ইদ পালনের সময় রেড রোডে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
খুশির ইদ পালনের সময় রেড রোডে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ মে (মঙ্গলবার) এবং ২৭ মে (বুধবার) রাজ্যের সমস্ত সরকারি, আধা-সরকারি অফিস খোলা থাকবে। যেমন স্বাভাবিক কার্যক্রম হয়, সেরকমই হবে মঙ্গলবার এবং বুধবার। বকরি ইদের জন্য বৃহস্পতিবার (২৮ মে) বন্ধ থাকবে রাজ্যের সমস্ত অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন: WB Govt Recruitment Policy: OMR-র কার্বন কপি, ইন্টারভিউয়ে সর্বনিম্ন নম্বর- নয়া নিয়োগ নীতি আনছে রাজ্য, কী থাকবে?

পুজোর ছুটিতেও কাটছাঁট?

আর সেই ঘোষণার পরে প্রশ্ন উঠেছে যে দুর্গাপুজোর ছুটিও কি কমিয়ে দেওয়া হবে? মমতা সরকারের আমলে ছুটির অভাব হত না রাজ্য সরকারি কর্মচারীদের। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো মিলিয়ে লম্বা ছুটিয়ে দিত মমতা সরকার। যা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করতেন। তাঁদের বক্তব্য ছিল, কর্মসংস্কৃতির দোহাই নিয়ে ধর্মঘটের দিন কড়া নির্দেশিকা জারি করা হত। এদিকে মুড়ি-মুড়কির মতো ছুটি দিত মমতা সরকার। তাতে কর্মসংস্কৃতি নষ্ট হত না কিনা, তা নিয়ে কটাক্ষ করতেন অনেকেই।

এমনিতে মমতার আমলে রাজ্য সরকারি কর্মচারীদের ২০২৬ সালের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে দুর্গাপুজোয় ছুটি পড়ে যাবে আগামী ১৫ অক্টোবর থেকে। আর ছুটি থাকবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ চতুর্থী থেকে ছুটি পড়ে যাবে। কোজাগরী লক্ষ্মীপুজো পেরিয়ে বাড়তি ছুটি কাটিয়ে অফিসে আসতেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও শেষপর্যন্ত অতদিন ছুটি থাকবে কিনা, তা নির্ভর করছে শুভেন্দু অধিকারীর সরকারের উপরে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe