...
...
Next Story

WB Developmental Projects: তাজপুরের কাছেই ‘খাজানা’, হুগলি নদীর নীচে রাস্তা, খুলল ২২৭০০ কোটির প্রকল্পের দরজা

WB Developmental Projects: তাজপুর গভীর সমুদ্র বন্দর সম্ভব নয় বলে জানিয়ে দিল শুভেন্দু অধিকারী সরকার। ১০ কিলোমিটার দূরে বিকল্প পরিকল্পনা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে হুগলি নদীর নীচে আন্ডারওয়াটার টানেল, কলকাতায় ওয়াটার মেট্রোর ঘোষণা করা হল।

Published on: Jun 4, 2026, 15:28:04 IST
Advertisement

WB Developmental Projects: তাজপুরের কাছেই ‘খাজানা’-র হদিশ পেল রাজ্য সরকার। সেখানেই গভীর সমুদ্র বন্দর তৈরি করা যায় কিনা, তা খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কোনওদিনই বাস্তবসম্মত ছিল না। কারণ রাজ্যের হাতে জমিই ছিল না। সেই পরিস্থিতিতে তাজপুরের ১০ কিলোমিটার দূরে দাদনপত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরি করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দাদনপত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর হবে?

গভীর সমুদ্র বন্দর থেকে আন্ডারওয়াটার টানেল- একগুচ্ছ বড় বিষয় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। (ছবিটি ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
গভীর সমুদ্র বন্দর থেকে আন্ডারওয়াটার টানেল- একগুচ্ছ বড় বিষয় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। (ছবিটি ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

তিনি বলেছেন, ‘আদানি গোষ্ঠীর সঙ্গে তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা হয়েছে। সেই প্রকল্পের জন্য রাজ্যের হাতে পর্যাপ্ত জমিই ছিল না। আমি যখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ছিলাম, তখনই বলেছিলাম যে যতক্ষণ না রেল, জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী কয়েক হাজার একর জমি দেওয়া হচ্ছে, ততক্ষণ তাজপুর গভীর সমুদ্র বন্দর দাঁড়াবে না। তবে মানুষকে আশাহত করছি না। তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপত্রবাড়ে রাজ্যের হাতে ১,৭০০ একর জমি আছে। যেখানে নুনের কারখানা ছিল। আমরা ওটা নিয়ে এগিয়ে যাব। প্রয়োজনে আরও জমি সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে সেই প্রকল্পে কাজ করবে।’

কলকাতায় ওয়াটার মেট্রো, সাগরমালা-২ প্রকল্পে জুড়ছে বাংলা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের ১৭টি শহরে ওয়াটার মেট্রো আছে। এবার ওয়াটার মেট্রোয় যুক্ত হচ্ছে কলকাতা। তাতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আবার সাগরমালা-২ প্রকল্পে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পাঁচ বছরের জন্য ২২,৭০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব তৈরি করা হবে। বন্দরের যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় এলাকায় মৎস্য পরিকাঠামো উন্নতির মতো বিষয়ে জোর দেবে রাজ্য। ফলে লাভবান হবেন কাকদ্বীপ থেকে ওড়িশা সীমান্ত পর্যন্ত বিভিন্ন অঞ্চলের লাভবান হবেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবারের প্রশাসনিক বৈঠকে কলকাতার মেয়র ও একাধিক বিধায়ক হুগলি নদীর নীচে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরির জন্য প্রস্তাব দিয়েছেন। বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিষয়। তবে ইতিমধ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষ এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদানের বিষয়ে রাজি হয়েছে।

আরও পড়ুন: WB Underground Power Line: ঘূর্ণিঝড়েও কারেন্ট থাকবে! বারুইপুর, চন্দননগর-সহ ৪ শহরে কাজ শেষ, আসানসোল-শিলিগুড়িতে কবে?

৪৪টি নয়া জেটি তৈরি করা হবে

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪৪টি নতুন জেটি তৈরি করা হবে। এতদিন ধরে এনওসি দেওয়া হয়নি। আজই ৪১টি এনওসি দেওয়া হয়েছে কলকাতা বন্দরের তরফে।

আরও পড়ুন: Bangladesh on Mamata: ভোটে হারা নেত্রী, মমতার বিতর্কিত মন্তব্যে পাত্তাই দিল না বাংলাদেশ, কী দাবি BJP-র?

কপিল মুনির আশ্রম লাগোয়া বিচের উন্নয়ন

সাগরদ্বীপে কপিল মুনির আশ্রম লাগোয়া বিচের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe