Iman Chakraborty: শুধু রেওয়াজ নয়, গান গাইতে গেলে করতে হবে শরীরচর্চাও, নতুন পদ্ধতিতে তালিম ইমনের
Iman Chakraborty: নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম হলেন ইমন চক্রবর্তী। রবীন্দ্র সংগীত হোক অথবা আধুনিক, যে কোনও গানেই তিনি অসাধারণ। নিজের বাড়িতে ছাত্র-ছাত্রীদের গানও শেখান তিনি।
Iman Chakraborty: নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম হলেন ইমন চক্রবর্তী। রবীন্দ্র সংগীত হোক অথবা আধুনিক, যে কোনও গানেই তিনি অসাধারণ। নিজের বাড়িতে ছাত্র-ছাত্রীদের গানও শেখান তিনি। কিন্তু সম্প্রতি দেখতে পাওয়া গেল, যোগ ব্যায়াম করতে করতে গলার রেওয়াজ করছেন তিনি। ঠিক একইভাবে শেখাচ্ছেন ছাত্র-ছাত্রীদেরও। কিন্তু হঠাৎ কেন এমন পন্থা বেছে নিলেন ইমন?

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্র সংগীতের পাশাপাশি ইমন বর্তমানে পাশ্চাত্য সংগীতের প্রশিক্ষণও নিচ্ছেন। আর সেই প্রশিক্ষণ নিতে গিয়েই তিনি শিখেছেন এই নতুন পদ্ধতি। কন্ঠকে অনেকক্ষণ পর্যন্ত সতেজ করে ধরে রাখার জন্যই এই বিশেষ পদ্ধতিতে গানের তালিম নিয়েছেন তিনি, যে পদ্ধতিতে এখন তালিম দিচ্ছেন তিনি নিজেও।
আরও পড়ুন: শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা, রবিবারের দুপুরে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত
যোগ ব্যায়ামের সঙ্গে সঙ্গে গান গাওয়ার প্রসঙ্গে আনন্দবাজারকে ইমন বলেন, ‘শরীরের কোর মাসল যদি দুর্বল হয় সে ক্ষেত্রে গানের ওপর প্রভাব পড়তে পারে। শরীরের কেন্দ্রের পেশী যতটা শক্তিশালী হয়, গানও ততটাই ভালো হয়। নাভি থেকে যেহেতু শব্দের উৎপত্তি, তাই শরীরের কেন্দ্রের পেশি শক্তিশালী রাখা আবশ্যক।’
ইমনের কথায়, যেহেতু স্টেজে উঠে অনেকক্ষণ গান গাইতে হয়, মঞ্চে লাফালাফি করতে হয়, তাই গান গাওয়ার ক্ষেত্রে দম রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ফুসফুসের সঙ্গে দেহের কেন্দ্রস্থলের পেশী শক্তিশালী হওয়াটা দরকার, তাই যোগব্যায়াম ভীষণ গুরুত্বপূর্ণ।
পাশ্চাত্য সংগীত নিয়ে কথা বলতে গিয়ে ইমন বলেন, ‘রেওয়াজে সুর কতটা সঠিক হচ্ছে সেটা বোঝা যায় কিন্তু দম ধরে রাখার জন্য কি কি প্রয়োজন সেটা পাশ্চাত্য সংগীতের প্রশিক্ষণ নেওয়ার পর আরো ভালো করে বুঝেছি। গান গাওয়ার সময় যাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা না হয় তার জন্য শরীরচর্চা, প্রাণায়াম এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার।’
আরও পড়ুন: দর্শনা নয়, সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি? ফাঁস করলেন শুভশ্রী
বিয়ের পর থেকেই যোগব্যায়াম করার দিকে মন দিয়েছিলেন ইমন, ফল পেয়েছেন হাতেনাতে। সংগীত শিল্পীর কথায়, পিসিওডি ছিল তাঁর, সমস্যা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে বিয়ের আগে পরপর আইবুড়ো ভাত খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই এক বন্ধুর পরামর্শে যোগ ব্যায়াম শুরু করেন।
যোগব্যায়াম করার পর তিনি শুধুমাত্র শারীরিকভাবেই সুস্থ হয়েছেন তা নয়, সুস্থ হয়েছেন মানসিক দিক থেকেও। আগের মতো রাগ বা উদ্বেগের সমস্যা এখন আর নেই তাঁর। যোগাসন শুরু করার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে এই সমস্ত সমস্যা।
নিজেকে রুটিনের মধ্যে রাখেন ইমন
গান গাওয়ার ক্ষেত্রে যে নিয়মটি তিনি মেনে চলেন সেটি হল খুব কম কথা বলেন তিনি। ফোনে বেশি কথা বলেন না, বললেও নিচু স্বরে কথা বলেন। রেগে গিয়ে চিৎকার একেবারেই করেন না। এছাড়া বাড়ি থেকে বের হলেই মাক্স রাখেন সঙ্গে। ঠান্ডা পানীয়, দই, আইসক্রিম, ফুচকা সবকিছুই বাতিল পছন্দের তালিকা থেকে।
E-Paper

