২০২৪ সালে বহুরূপী মুক্তি পেয়েছিল যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতেই একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়। অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় সহ একাধিক নামিদামি তারকারা।
২০২৪ সালে ‘বহুরূপী’ মুক্তি পেয়েছিল যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতেই একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়। অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় সহ একাধিক নামিদামি তারকারা।
আবির নন, এবার ডাকাতকে ধরতে মাঠে নামলেন যিশু
গতবছর থেকেই শুনতে পাওয়া যাচ্ছিল ‘বহুরূপী’ ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে। ছবির নাম ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এই ছবির শুটিং যে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেটাও জানা গিয়েছিল পরিচালকের একাধিক পোস্ট থেকে। খুব সম্প্রতি জানা গিয়েছে এই বছর দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’।
তবে এবার রথযাত্রার দিন সিনেমার প্রথম পোস্টার প্রকাশে নিয়ে এলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর তাতেই সকলে চমকে গেলেন। এবারে পুলিশের ভূমিকায় আর দেখতে পাবেন না আবির চট্টোপাধ্যায়কে। আবিরের জায়গায় দেখতে পাওয়া যাবে যিশুকে। অভিনেতার লুক প্রকাশ্যে এনে এই খবর নিজেই সকলকে জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
যে ছবিটি পরিচালক পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বাইকে চেপে দৃঢ় চিত্তে এগিয়ে আসছেন যিশু। ক্যাপশনে লেখা, ‘পোস্ত, বাবা বেবি ও, আর এবার বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। যিশু সেনগুপ্তর সঙ্গে ইউনিয়ন হল উইন্ডোজ প্রোডাকশন হাউজের ২৫ বছর পূর্তিতে। এবার বড় পর্দায় পুজো যিশুর সঙ্গে। রথযাত্রার পুণ্য দিনে প্রভু জগন্নাথকে স্মরণ করে শুরু করলাম আমাদের যাত্রা।’
এই ছবিতে অয়ন চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু। যিশু ছাড়া অভিনয় করবেন সোহিনী সরকার। চিত্রনাট লিখেছেন জিনিয়া সেন। ২০২৬ সালের দুর্গাপুজোয় ‘দেশু ৭’, ‘এম্পরার ভার্সেস শরৎচন্দ্র’, ‘দ্য একেন কেরালায় কুরুক্ষেত্র’ ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে এই ছবিটি।
প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘পোস্ত’, যেখানে এক ছোট্ট শিশুর জীবন নিয়ে তৈরি হয়েছিল সেই গল্প। ছবিতে লিলি চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী।
অন্যদিকে' বাবা বেবি ও' ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে, যেখানে একজন সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করেছিলেন যিশু। যিশু ছাড়া অভিনয় করেছিলেন গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, বিদিতা চক্রবর্তী, রেশমি সেন, মৈনাক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
হিসেব অনুযায়ী চার বছর পর আবার যিশুর সঙ্গে কাজ করছেন শিবপ্রসাদ-নন্দিতা। উইন্ডোজ প্রোডাকশন হাউজের রিইউনিয়ন পর্বে এটিও যে অন্তর্ভুক্ত তা বলাই বাহুল্য।