London Durga Puja 2026: ‘তুমি যেখানেই যাও না কেন, বাঙালিকে কি আর দুর্গাপুজোর থেকে আলাদা করা যায়?’ প্রবাসের মাটিতে এসেও এই চিরন্তন সত্যিটিই আবার প্রমাণ করে দেখালেন লন্ডনের প্রবাসী বাঙালিরা। দেখতে দেখতে পার হয়ে গেিয়েছে দীর্ঘ ২৭টি বছর। শত মাইল দূরে থেকেও বঙ্গ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অটুট প্রেম থেকেই আজ লন্ডনের বুকে একটুকরো পশ্চিমবঙ্গ গড়ে তুলেছে বেঙ্গল কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাব। আগামী ২০ অক্টোবর পর্যন্ত লন্ডনের স্বামীনারায়ণ স্পোর্টস ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই ঐতিহ্যবাহী শারদোৎসব।
৮ চিকিৎসকের স্বপ্ন থেকে আজ বিশাল পরিবার

২৭ বছর আগের কথা। চিকিৎসা সংক্রান্ত উচ্চশিক্ষা ও কর্মসূত্রে বাংলা ছেড়ে সুদূর লন্ডনে পাড়ি দিয়েছিলেন আটজন চিকিৎসক। মাতৃভূমি থেকে দূরে থাকলেও তাঁদের মনের কোণে সর্বদা ছিল দুর্গাপুজোর নস্টালজিয়া। প্রবাসেও নিজের বাড়ির মতো দুর্গাপুজো উদ্যাপনের স্বপ্ন নিয়েই তাঁরা সূচনা করেছিলেন বেঙ্গল কালচারাল অ্যান্ড সোশ্যাল ক্লাব।
সব ধর্মের মানুষের সমাগম ও বিনামূল্যে অন্নভোগ
আয়োজকদের দাবি, সেই পুজো কেবল একটি ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং হয়ে উঠেছে সম্প্রীতির এক মহোৎসব। প্রতি বছর এই পূজায় ২,০০০-এরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটে এবং এই সংখ্যা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কেবল বাঙালিরাই নন, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে ভারতীয়রা সেই উৎসবে অত্যন্ত আনন্দের সঙ্গে শামিল হন।
তাঁরা জানিয়েছেন, পুজোয় আগত সমস্ত দর্শনার্থীদের জন্য থাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রীতিভোজের ব্যবস্থা। পেঁয়াজ ও রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ অন্নভোগ (দুপুরের মধ্যাহ্নভোজ ও রাতের নৈশভোজ) পরিবেশন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।