...
...
Next Story

UPI transactions MDR charges: পুজোয় ২,০০০ টাকার বেশি UPI পেমেন্টেও নতুন চার্জ দিতে হবে না! কবে থেকে চালু হবে?

UPI transactions MDR charges: ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপরে নয়া চার্জ বসছে না এখনই।

Published on: Oct 13, 2026, 13:38:50 IST
Advertisement

UPI transactions MDR charges: জল্পনাই সত্যি হল। ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপরে যে নয়া চার্জ (মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর) বসানোর কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হচ্ছে। আজ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) তরফে জানানো হয়েছে, পঞ্চমী (১৫ অক্টোবর) থেকে নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে যে নয়া চার্জ বসানোর কথা ছিল, সেটা চালু হচ্ছে না। দীপাবলির পরিবর্তে সেই নয়া চার্জ বসানো হবে। তবে ঠিক কবে থেকে নয়া চার্জ ধার্য করা হবে, তা এখনও জানানো হয়নি। পরবর্তীতে চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়েছে।

সকলকে UPI পেমেন্টের উপরে চার্জ দিতে হবে না

দুর্গাপুজোর সময় ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপরে নয়া চার্জ বসছে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
দুর্গাপুজোর সময় ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপরে নয়া চার্জ বসছে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

এমনিতে সবধরনের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সেই নয়া চার্জ বসানো হচ্ছে না। এনপিসিআইয়ের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, নয়া যে চার্জ চালু হচ্ছে, তার প্রভাব গ্রাহক বা ব্যক্তিগত লেনদেনের উপরে পড়বে না। ইউপিআইয়ের মাধ্যমে হওয়া কয়েকটি নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মাশুল বসানো হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনের অঙ্কটা যদি ২,০০০ টাকার বেশি হয়, তাহলে ০.৪ শতাংশ হারে মাশুল দিতে হবে। প্রতি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ মাশুলের মূল্য হবে ৩০০ টাকা।

দুর্গাপুজো, দীপাবলি পার করে MDR চার্জ বসবে

তবে গ্রাহকদের উপরে সরাসরি প্রভাব না পড়লেও ব্যবসায়ীরা প্রভাবিত হতেন প্রত্যক্ষভাবেই। আর দেশ যখন উৎসবের মরশুমের তুঙ্গে থাকবে (স্বভাবতই গ্রাহকরা খরচও বেশি করবেন), সেইসময় থেকেই নয়া চার্জ বসানোয় ব্যবসায়ীদের একাংশের মনেও অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে এনপিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি পার করে ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে এমডিআর বসানো হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks