Mohsin Naqvi on player leaving PSL: পাকিস্তানের লিগ ছেড়ে যোগ IPL-এ, তেলেবেগুনে জ্বলে তারকাদের হুমকি মহসিন নকভির
পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন বিদেশি তারকারা! দাসুন শানাকা থেকে মুজারাবানি - একের পর এক ক্রিকেটার দল ছাড়ায় ক্ষুব্ধ পিসিবি প্রধান মহসিন নকভি। ক্রিকেটারদের বিরুদ্ধে কী কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন তিনি?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাকি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)? বিদেশি ক্রিকেটারদের পছন্দের তালিকায় কোনটি এগিয়ে, তা নিয়ে অধিকাংশ মানুষের কাছেই স্পষ্ট জবাব রয়েছে। সেটার প্রতিচ্ছবি দেখা গিয়েছে আইপিএলে সুযোগ পেলেই বিদেশি খেলোয়াড়দের পিএসএলের দল ছেড়ে দেওয়ার একের পর এক ঘটনায়। সম্প্রতি পিএসএল শুরু হওয়ার ঠিক আগে একের পর এক বিদেশি ক্রিকেটারের টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। একের পর এক তারকা ক্রিকেটারদের ‘পিএসএল ছুট’ হওয়ার ঘটনায় এবার কঠোর আইনি পদক্ষেপ ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঘটনাটি শুরু হয় জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দিয়ে। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেন। এরপর নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার কথা থাকলেও তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে চোট পাওয়া স্যাম কারানের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।
মহসিন নকভির কড়া হুঁশিয়ারি
লাহোরে আয়োজিত এক সাংবাদিট বৈঠক মহসিন নকভি নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমরা এই খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব। গত বছরও করবিন বস এমনটা করেছিলেন এবং তাঁকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না।’ নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনও খেলোয়াড় যদি শেষমুহূর্তে চুক্তিভঙ্গ করে অন্য লিগে চলে যান, তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিনিয়োগকারী ও ফ্র্যাঞ্চাইজিদের উদ্বেগ
বিদেশি ক্রিকেটারদের এই আচরণে ফ্র্যাঞ্চাইজি মালিকরাও বেশ বিরক্ত বলে দাবি করা হয়েছে। তারা মনে করছেন, শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে দলগুলো ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর ফলে টুর্নামেন্টের মান এবং দর্শক আকর্ষণ কমতে পারে। তবে নকভি আশ্বস্ত করেছেন যে, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নাস ল্যাবুশেনের মতো 'এ' ক্যাটেগরির খেলোয়াড়রা আসার কারণে টুর্নামেন্টের গ্ল্যামার কমবে না। তবে আসল ব্যাপার হল যে তাঁরা কেউ আইপিএলে দল পাননি।
আইপিএলের সঙ্গে সংঘাত
টানা দ্বিতীয় বছরের মতো পিএসএল এবং আইপিএলের সময়সূচি প্রায় একই সময়ে পড়েছে। আগামী ২৬ মার্চ থেকে পিএসএল শুরু হওয়ার কথা আছে। তার মাত্র দুদিন পরেই শুরু হচ্ছে আইপিএলের মেগা আসর। সূচির এই সংঘাত নিয়ে নকভি বলেন, ‘আইপিএলের সঙ্গে সময়ের সংঘাত কোনও বড় সমস্যা নয়। কারণ অনেক ভালো মানের আন্তর্জাতিক ক্রিকেটার পাকিস্তানে আসছেন। তবে আমরা পিএসএল পিছিয়ে দিতে পারি না, কারণ সারা বছরে আমাদের কাছে আর কোনও ফাঁকা সময় (উইন্ডো) নেই।’
দর্শকহীন গ্যালারি ও আঞ্চলিক পরিস্থিতি
শুধু খেলোয়াড়দের চলে যাওয়াই নয়, এবারের পিএসএল আরও একটি বড় সংকটের মুখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আঞ্চলিক উত্তেজনার কারণে পিএসএলের শুরুর দিকের ম্যাচগুলো দর্শকহীন গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। করাচি এবং লাহোর - এই দুটি ভেন্যুতেই আপাতত টুর্নামেন্ট সীমাবদ্ধ রাখা হচ্ছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


