Rahul Gandhi Criminal Defamation Case: এসআইআর-বিরোধী আন্দোলনের মধ্যেই সুপ্রিম কোর্টে সাময়িকভাবে স্বস্তি পেলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কুকথা বলার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানির মামলার বিচারপ্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিং বলেছেন, 'চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ-সহ নোটিশ জারি করুন। সেইসময়ের মধ্যে ট্রায়াল কোর্টে পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।'
বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল

সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছে কংগ্রেস সাংসদের দায়ের করা মামলার প্রেক্ষিতে। গত ৮ সেপ্টেম্বর রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলা খারিজ করতে রাজি হয়নি বম্বে হাইকোর্ট। সেটার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। তার ভিত্তিতেই রাহুল আজ সাময়িক স্বস্তি পেলেন বলে সংবাদমাধ্যম লাইভ অ্যান্ড লয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
কী অভিযোগ করা হয়েছিল রাহুলের বিরুদ্ধে?
আর রাহুলের বিরুদ্ধে মূল মামলার সূত্রপাত হয়েছিল বছরছয়েক আগে। যিনি প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে ‘চৌকিদার চোর হ্যা’ বলে মন্তব্য করেছিলেন। বিজেপির এক সদস্য অভিযোগ করেছিলেন যে রাজস্থানে একটি জনসভায় 'হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যা' বলে মন্তব্য করেন রাহুল। মোদীকে উদ্দেশ্য করে ‘কমান্ডার ইন থিফ’ (চোরেদের কমান্ডার বা চোর কা সর্দার) বলেছিলেন। সেটার মাধ্যমে যেমন বিজেপি সদস্যদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হচ্ছে, তেমনভাবেই তাঁর সঙ্গে জড়িত দেশের সাধারণ মানুষের বিরুদ্ধেও আঙুল ওঠানো হয়েছে বলে দাবি করেন পদ্মশিবিরের ওই সদস্য।
গণতান্ত্রিক প্রক্রিয়াকে হাইজ্যাকের চেষ্টা, অভিযোগ রবি কিষানের
{{/usCountry}}গণতান্ত্রিক প্রক্রিয়াকে হাইজ্যাকের চেষ্টা, অভিযোগ রবি কিষানের
{{/usCountry}}তারইমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে দিল্লিতে যে বিক্ষোভ চলছে, তা নিয়ে রাহুলকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ রবি কিষান। তিনি দাবি করেছেন, নির্বাচনে বিজেপিকে হারাতে না পেরে কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিক্ষোভ ও আন্দোলনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়াকে হাইজ্যাক করার চেষ্টা করছে।
তিনি দাবি করেছেন, দেশের যুব প্রজন্মের ৬৫ শতাংশই মোদী সরকারের কাজে সন্তুষ্ট। কিন্তু যুব প্রজন্মের কয়েকশো প্রতিনিধিকে বিভ্রান্ত করে বিরোধীরা দিল্লির সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। বাস্তবে উন্নয়নের নিরিখে মতাদর্শের যুদ্ধে নামা উচিত বলে দাবি করেন বিজেপি সাংসদ।