...
...
Next Story

Train Ticket Booking Latest Update: ট্রেনের টিকিট বুকিং হচ্ছে সহজ, বড় পরিবর্তন হচ্ছে সিস্টেমে, পুজোর ঠিক আগেই চালু

Train Ticket Booking Latest Update: দুর্গাপুজোর আগেই ট্রেনের টিকিট বুকিং সিস্টেমে হচ্ছে বড় পরিবর্তন। আর সেই পরিবর্তনের ফলে ট্রেনের টিকিট বুকিং প্রক্রিয়া আরও সহজ হয়ে যাচ্ছে। কী পরিবর্তন হবে? কবে থেকে চালু হবে?

Published on: May 10, 2026, 06:59:36 IST
Advertisement

Train Ticket Booking Latest Update: ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় বিপ্লব আসতে চলেছে। বিশেষ করে যাঁরা তৎকাল টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা সার্ভার হ্যাং হওয়ার সমস্যায় ভুগতেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। ভারতীয় রেল তাদের ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’-কে সম্পূর্ণ ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। ভারতীয় রেল সূত্রে খবর, আগামী অগস্ট থেকে কার্যকর হতে চলা এই নতুন সিস্টেমে বুকিংয়ের গতি হবে সুপারফাস্ট। ভয় থাকবে না সার্ভার ক্র্যাশ হওয়ার।

প্রতি মিনিটে ৫ লাখ টিকিট বুকিংয়ের লক্ষ্য

ট্রেনের বুকিং সিস্টেমে বড় পরিবর্তন হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ট্রেনের বুকিং সিস্টেমে বড় পরিবর্তন হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বর্তমানে ভারতীয় রেলের সিস্টেমে প্রতি মিনিটে প্রায় ২৫ হাজার টিকিট বুক করা সম্ভব হয়। কিন্তু উৎসবের মরশুমে বা তৎকাল বুকিংয়ের সময় যখন লাখ-লাখ মানুষ একসঙ্গে লগ-ইন করেন, তখন সার্ভার ধীরগতির হয়ে যায়। রেল সূত্রে খবর, নতুন প্রযুক্তির মাধ্যমে এই ক্ষমতা বাড়িয়ে প্রতি মিনিটে পাঁচ লাখেরও বেশি টিকিট বুকিং করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর ফলে টিকিট কাটার সময় পেমেন্ট ফেল হওয়া বা পেজ লোড না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন যাত্রীরা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল এখন ক্লাউড কম্পিউটিং এবং এআই (AI) প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। নতুন এই ডিজিটাল পরিকাঠামো একসঙ্গে প্রায় দু'কোটি সক্রিয় ব্যবহারকারীকে সামলাতে সক্ষম হবে। বর্তমানে ১০ লাখের বেশি ইউজার একসঙ্গে লগইন করলে সার্ভারের গতি ৪০-৬০ শতাংশ কমে যায়, যা নতুন সিস্টেমে আর হবে না।

নতুন সিস্টেমের অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর এআই ভিত্তিক প্রেডিকশন মডেল। কোনও যাত্রী যখন ওয়েটিং লিস্টের টিকিট কাটতে যাবেন, তখনই সিস্টেম তাঁকে জানিয়ে দেবে ওই টিকিটটি কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা। শুধু তাই নয়, যদি কোনও নির্দিষ্ট ট্রেনে সিট না থাকে, তবে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাছাকাছি সময়ের অন্য ট্রেনের তালিকা দেখাবে যেখানে টিকিট পাওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

আরও পড়ুন: UPSC Civil Services Mental Tips: ০.২ নম্বরের জন্য CSAT-এ 'ফেল', কীভাবে হতাশ না হয়েও ৫ চেষ্টায় UPSC-তে সফল সৃষ্টি?

তৎকাল রিফান্ড এবং দালাল চক্রে লাগাম

নতুন ব্যবস্থায় 'স্মার্ট পেমেন্ট গেটওয়ে' যুক্ত করা হচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও টিকিট বুক হয় না। সেক্ষেত্রে রিফান্ডের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। রেলের নতুন 'জিরো-ফেল মিশন'-এর আওতায় টিকিট বুক না হলে প্রায় সঙ্গে সঙ্গেই রিফান্ড পাওয়া যাবে। এছাড়া, উন্নত এআই সফটওয়্যারের মাধ্যমে দালালদের ব্যবহৃত 'বট' শনাক্ত করা হবে, যাতে সাধারণ যাত্রীরা সহজেই টিকিট পান।

আরও পড়ুন: Agni Advanced Missile Trial: ১টা মিসাইল ছুড়েই অনেক জায়গায় হামলা, পরীক্ষা ভারতের, ওটাই দেখা গিয়েছে বাংলাদেশে?

অগস্ট থেকেই মিলবে সুবিধা

রেল বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, অগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই এই আধুনিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। মূলত পুজোর মরশুম এবং দীপাবলির সময় যাত্রীদের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনকে ভারতীয় রেলের ইতিহাসে সবথেকে বড় 'ডিজিটাল ট্রান্সফরমেশন' হিসেবে দেখা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe