Union Ministers Delhi home repair cost: দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের বাসভবন সংস্কারের জন্য স্রেফ গত বছরই ৯২.৩৫ কোটি টাকা খরচ হয়েছে। এমনই তথ্য আরটিআইয়ের (তথ্য জানার অধিকার) মাধ্যমে উঠে এসেছে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আরটিআইয়ের প্রেক্ষিতে যে জবাব দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে ২০২৫-২৬ অর্থবর্ষে লুটিয়েন্স দিল্লিতে কেন্দ্রীয় বাসভবন সংস্কারের জন্য রেকর্ড অর্থ খরচ হয়েছে। যা ২০২৪-১৫ অর্থবর্ষের নিরিখে তিন গুণেরও বেশি। সেইসময় খরচের অঙ্কটা ছিল ২৭.৪৭ কোটি টাকা।
শেষ ১২ বছরে খরচ প্রায় ৫৫০ কোটি টাকা

রিপোর্ট অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে সবমিলিয়ে পূর্ত দফতরের মাধ্যমে সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার মোট ৫৪৭.৬৮ কোটি টাকা খরচ করেছে। যে দফতরের মাধ্যমেই মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। আর কী কারণে খরচ লাফিয়ে বেড়ে গিয়েছে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে আরটিআইয়ে। ওই প্রতিবেদন অনুযায়ী, মুদ্রাস্ফীতির পাশাপাশি রাজধানীর প্রাণকেন্দ্রে বিশাল এলাকাজুড়ে অবস্থিত পুরনো বাংলাগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ বেড়ে যাওয়ায় এত পরিমাণ টাকা বেরিয়ে গিয়েছে।
কী কী সমস্যা লেগে থাকে বাংলোয়?
এমনিতে দীর্ঘ সময় ধরেই পূর্ত দফতরের আধিকারিকরা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আসছেন। দেওয়াল বা ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়া, উইপোকার উপদ্রব, পুরনো হয়ে যাওয়া বৈদ্যুতিক ব্যবস্থা, জল-নিষ্কাশন ব্যবস্থার সমস্যা-সহ বিভিন্ন সমস্যা লেগেই থাকে। অতীতে কয়েকটি বাংলো ভেঙে নতুন করে তৈরি করার পরিকল্পনাও করা হয়েছিল। তবে সেই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কখনও ঘোষণা করা হয়নি।
আরটিআইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রীরা মেরামত ও সংস্কারের জন্য বছরে গড়ে ২৬.৭৮ কোটি টাকা ব্যয় করেছিলেন। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই গড় বার্ষিক ব্যয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে প্রায় ৫০ কোটি টাকায় পৌঁছায়। ২০২৪-২৫ অর্থবর্ষে ব্যয়ের পরিমাণ ছিল ৭১.৯৮ কোটি টাকা। যা গত বছরে ঠেকেছে ৯২.৩৫ কোটি টাকায়।
কোন বছরে কত টাকা খরচ হয়েছে?
১) ২০১৪-১৫ অর্থবর্ষ: ২৭.৪৭ কোটি টাকা।
২) ২০১৫-১৬ অর্থবর্ষ: ২৯.৫৭ কোটি টাকা।
৩) ২০১৬-১৭ অর্থবর্ষ: ৩০.১ কোটি টাকা।
৪) ২০১৭-১৮ অর্থবর্ষ: ২৩.৩৪ কোটি টাকা।
৫) ২০১৮-১৯ অর্থবর্ষ: ২৩.৪২ কোটি টাকা।
৬) ২০১৯-২০ অর্থবর্ষ: ২৬.৩৭ কোটি টাকা।
৭) ২০২০-২১ অর্থবর্ষ: ৫৩.৮৭ কোটি টাকা।
৮) ২০২১-২২ অর্থবর্ষ: ৪০.৮৪ কোটি টাকা।
৯) ২০২২-২৩ অর্থবর্ষ: ৭৩.৮৬ কোটি টাকা।
১০) ২০২৩-২৪ অর্থবর্ষ: ৫৪.৫২ কোটি টাকা।
১১) ২০২৪-২৫ অর্থবর্ষ: ৭১.৯৮ কোটি টাকা।
১২) ২০২৫-২৬ অর্থবর্ষ: ৯২.৩৫ কোটি টাকা।