UPSC Civil Services Mains Tips: চাকরির পরীক্ষায় ১৩ বার ‘ফেল’ করেও IAS অফিসার, UPSC মেনসের জন্য দিলেন ৫ টিপস
UPSC Civil Services Mains Tips: আইএএস অফিসার অবনীশ শরণ বিভিন্ন চাকরির পরীক্ষায় কমপক্ষে ১৩ বার কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারেননি। সেই ছেলেই সর্বভারতীয় স্তরে ৭৭ তম স্থান অধিকার করে আইএএস অফিসার হয়েছেন। যিনি টিপস দিলেন প্রস্তুতির।
UPSC Civil Services Mains Tips: প্রথম ধাপ প্রিলিমিনারি পার হয়ে গিয়েছে। এবার ইউপিএসসি সিভিল সার্ভিসেসের জন্য মেইনস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। আবার কেউ-কেউ নতুন পরের বছরের ইউপিএসসি সিভিল সার্ভিসেসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই প্রিলিমসের সঙ্গে-সঙ্গে মেইনসের প্রস্তুতিও নেন। কারণ প্রিলিমসের পরে মেইনস পরীক্ষার জন্য বেশি সময় মেলে না। আর কীভাবে মেইনসের প্রস্তুতি নিতে হবে, তা নিয়ে পাঁচটি টিপস দিলেন আইএএস অফিসার অবনীশ শরণ।

সিলেবাসকে গভীরভাবে বুঝুন ও বিশ্লেষণ করুন
যে কোনও পরীক্ষার প্রথম ধাপ হল যে ভালোভাবে সেটির সিলেবাস জানা। তবে ইউপিএসসির ক্ষেত্রে শুধু সিলেবাস রিডিং পড়লে চলবে না, প্রতিটি বিষয়কে গভীরভাবে বুঝতে হবে। কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে তা কীভাবে যুক্ত হতে পারে, তার স্পষ্ট ধারণা থাকা দরকার। সিলেবাসের ওপর দখল থাকলে প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়।
অসংখ্য বই কিনে লাভ নেই
বাজার এবং ইন্টারনেট আজ পড়াশোনার হরেক রকম উপাদানে ভরপুর। এই অতিরিক্ত তথ্যের ভিড়ে পরীক্ষার্থীরা প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়েন। আইএএস অফিসারের পরামর্শ হল, এই বিভ্রান্তি এড়াতে স্টাডি মেটেরিয়ালের সংখ্যা একদম সীমিত রাখুন। শুধুমাত্র কয়েকটি প্রয়োজনীয় এবং স্ট্যান্ডার্ড রেফারেন্স বই বারবার পড়ুন। ১০টি নতুন বই একবার পড়ার চেয়ে একটি ভালো বই ১০ বার পড়া অনেক বেশি কার্যকরী।
বিগত ১০ বছরের প্রশ্নপত্র (PYQ) সমাধান করুন
আপনার প্রস্তুতি কতটা সঠিক পথে এগোচ্ছে, তা যাচাই করার সেরা উপায় হলো বিগত বছরের প্রশ্নপত্র বা Previous Years Questions (PYQs)। বিগত ১০ বছরের মেইনস পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করে বাড়িতে একদম পরীক্ষার হলের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে সমাধান করার চেষ্টা করুন। এতে সময়ের সঠিক ব্যবহার এবং প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে।
পড়ার চেয়ে লেখার অভ্যেসে বেশি সময় দিন
ইউপিএসসি মেইনস পরীক্ষা হল মূলত আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং প্রকাশের দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এখানে আপনাকে বিস্তারিত এবং বর্ণনামূলক উত্তর লিখতে হয়। তাই আইএএস অফিসার পরামর্শ দিয়েছেন যে, আপনারা সারাদিনে যতটা সময় পড়ার জন্য ব্যয় করছেন, তার থেকে অন্তত দ্বিগুণ সময় ব্যয় করুন উত্তর লেখার অনুশীলনে। নিয়মিত লেখার অভ্যেসই আপনাকে মেইনসের বৈতরণী পার করতে সাহায্য করবে।
স্পষ্ট হাতের লেখা ও সঠিক বানানের ওপর জোর দিন
পরীক্ষায় যিনি আপনার খাতা মূল্যায়ন করবেন, তাঁর ওপর প্রথম প্রভাব ফেলে আপনার খাতার পরিচ্ছন্নতা ও হাতের লেখা। পরিষ্কার ও স্পষ্ট হাতের লেখা পরীক্ষকের মন জয় করতে সাহায্য করে। যে মাধ্যমেই পরীক্ষা দিন না কেন, ব্যাকরণগত ভুল ও বানানের ভুল যাতে না হয়, সেদিকে নজর দিতে হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


