...
...
Next Story

Weather-Rain Forecast in Kolkata: ৫১% বেশি বৃষ্টি, ১৫ বছরে দ্বিতীয় ‘শীতলতম’- মার্চে ‘কুল’ রইল কলকাতা, এবার পুড়বে?

বসন্তের বিদায়বেলায় যখন চৈত্রে প্রবল ঘাম ঝরার কথা, তখন কিছুটা আলাদা ছবি দেখল তিলোত্তমা। বিগত ১৫ বছরের নথিতে এবারের মার্চ মাস কলকাতার জন্য ছিল অন্যতম আরামদায়ক। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের মার্চ মাস কেবল বৃষ্টির নিরিখেই নয়, তাপমাত্রার পতন ঘটিয়েও নজিরের পাতায় নাম তুলেছে।

Published on: Apr 1, 2026, 07:10:09 IST
Advertisement

মার্চে স্বাভাবিকের থেকে দেড় গুণ বৃষ্টি হল কলকাতায়। আবহবিদরা জানিয়েছেন, ২০২৬ সালের মার্চে কলকাতায় মোট ৫৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫১ শতাংশ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, বছরের তৃতীয় মাসে মার্চে কলকাতায় গড় বৃষ্টিপাতের পরিমাণ হল ৩৬.৮ মিমি। এবার সেটা ছাপিয়ে গিয়ে শেষ ১৫ বছরে তৃতীয় সর্বাধিক বৃষ্টি পেয়েছে কলকাতা। আর তার জেরে গরমও মাত্রাছাড়া হয়নি। বরং পরপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখী স্পেলের সুবাদে গত ১৫ বছরে দ্বিতীয় 'শীতলতম' মার্চ কাটিয়েছে কলকাতা।

১৫ বছরে দ্বিতীয় ‘শীতলতম’ মার্চ কাটাল কলকাতা

বসন্তের বিদায়বেলায় যখন চৈত্রে প্রবল ঘাম ঝরার কথা, তখন কিছুটা আলাদা ছবি দেখল তিলোত্তমা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
বসন্তের বিদায়বেলায় যখন চৈত্রে প্রবল ঘাম ঝরার কথা, তখন কিছুটা আলাদা ছবি দেখল তিলোত্তমা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ মার্চ (সোমবার) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। সেটাই এই মাসে কলকাতার সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা। যা ১৫ বছরে দ্বিতীয় সর্বনিম্ন। এমনকী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচেও নেমে গিয়েছিল। ২১ মার্চ (মঙ্গলবার) প্রায় ২০ মিমি বৃষ্টির সুবাদে ২২ মার্চ (বুধবার) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ২৭.২ ডিগ্রিতে। আর ৩০ মার্চ কালবৈশাখীর সুবাদে ৩১ মার্চ (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রিতে ঠেকেছিল। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম।

আরও পড়ুন: LPG Gas Cylinder Prices April 2026: ভোটের মাসে ২১৮ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! কলকাতায় রান্নার গ্যাসের দর কত?

একইভাবে সর্বনিম্ন তাপমাত্রাও দিয়েছে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মার্চে ২০ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে ছিল ২০ দিন। বাকি দেড় সপ্তাহ স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এমনকী একদম ভোরের দিকে গায়ে চাদরও দিতে হয়েছে। যা গত কয়েক বছরের মার্চে কার্যত ভাবা যাচ্ছিল না।

তারইমধ্যে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থেকেছে ২৫.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.৬ মিমির মতো। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তবে আজ বৃষ্টি হবে না।

আরও পড়ুন: Israel on India's role as mediator: 'জেহাদি….…', পাক নিজেই ১টা সমস্যা, যুদ্ধ থামাতে ভারত কথা বলুক, দাবি তুলল ইজরায়েল

ফের কবে বৃষ্টি নামবে কলকাতায়?

আপাতত কয়েকদিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না। আগামী সোমবার কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর আজ থেকে পারদও চড়বে। চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি মতো বৃদ্ধি পাবে। আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe