Abhishek on Malda BSF Jawan Death: মণিপুরে শহিদ মালদার জওয়ান, 'পরিবর্তন' নিয়ে মোদী-শাহকে তোপ অভিষেকের
Abhishek on Malda BSF Jawan Death: তৃণমূল কংগ্রেসের দাবি, মণিপুরে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেল, তার উত্তর দিতে হবে বিজেপিকে। মালদার বীর জওয়ানের মৃত্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছে।
Abhishek on Malda BSF Jawan Death: ভোটমুখী বাংলায় রাজনৈতিক উত্তাপের মধ্যেই মণিপুর ইস্যু তুলে বিজেপিকে বেনজির আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মণিপুরে কর্তব্যরত অবস্থায় মালদার এক বিএসএফ জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকে তীব্র বিঁধলেন তিনি। অভিষেকের সাফ কথা, যাঁরা বাংলায় ‘পরিবর্তন’-র ডাক দিচ্ছেন, তাঁদের আগে মণিপুরের জ্বলন্ত পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত।

কর্তব্যরত অবস্থায় মৃত্যু মালদার মিঠুন মণ্ডলের
গত শুক্রবার মণিপুরের উখুরুল জেলায় টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ হন বিএসএফের ১৭০ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল মিঠুন মণ্ডল। বিএসএফ সূত্রে খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের ছোড়া একটি বুলেট তাঁর গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে ইম্ফল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সন্ধ্যা ছ'টা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শহিদ এই জওয়ানের বাড়ি মালদার কালিয়াচক সংলগ্ন ভাগজান টোলা গ্রামে। তাঁর অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে স্ত্রী এবং সন্তানকে রেখে গিয়েছেন তিনি। দেশের সীমান্তরক্ষা করতে গিয়ে এক বাঙালি জওয়ানের এই আত্মত্যাগ বর্তমানে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
'পরিবর্তন' নয়, আগে মণিপুর সামলান: অভিষেক
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানান ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি লেখেন, ‘মণিপুরের উখুরুল জেলায় কর্মরত অবস্থায় মালদার এক সাহসী বাঙালি বিএসএফ জওয়ান শহিদ হয়েছেন। যাঁরা বাংলাকে পরিবর্তন নিয়ে জ্ঞান দেন, তাঁদের উচিত আগে মণিপুরের দিকে তাকানো।’ অভিষেকের অভিযোগ, গত তিন বছর ধরে মণিপুরে জাতিগত হিংসা চললেও মোদী বা শাহের সেখানে যাওয়ার সময় নেই।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় প্রচার করার অঢেল সময় রয়েছে, কিন্তু জ্বলন্ত মণিপুরে গিয়ে শান্তি ফেরানোর জন্য এক মিনিট সময় নেই। সেখানে গত তিন বছরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ ঘরছাড়া।'
মোদী-শাহকে সরাসরি নিশানা
বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার বাংলায় এসে সরকার পরিবর্তনের দাবি তুলছেন। এই প্রেক্ষাপটে অভিষেক মনে করিয়ে দেন যে দেশের একটি রাজ্য যখন অশান্তির আগুনে পুড়ছে, তখন কেন্দ্রের শাসকরা সেখানে সমাধান সূত্র বের না করে বাংলার ক্ষমতা দখলের স্বপ্নে মশগুল। তাঁর দাবি, ‘বাংলার মানুষের কাছে ভোট চাওয়ার আগে মোদী-শাহের উচিত মণিপুরের অসহায় মানুষদের জন্য অর্থবহ কিছু করা।’ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, মণিপুরে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেল, তার উত্তর দিতে হবে বিজেপিকে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


