Kolkata Metro Operating Ratio: এক বছরে কলকাতা মেট্রোয় চড়েছেন ২৩.৬ কোটি যাত্রী। আবার ২০২৫-২৬ অর্থবর্ষে ‘অপারেটিং রেশিয়ো’ ১৯০-তে ঠেকেছে বলে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবর্ষে ১০০ টাকা আয় করতে ১৯০ টাকা খরচ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যা ২০২৪-২৫ অর্থবর্ষে ২২১ টাকা ছিল। চলতি অর্থবর্ষে যাত্রী সংখ্যা বাড়লে ‘অপারেশন রেশিয়ো’-র উন্নতি হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।
যাত্রী সংখ্যায় সবথেকে এগিয়ে ব্লু লাইনই

তারইমধ্যে গত অর্থবর্ষে কলকাতা মেট্রোর সিংহভাগ যাত্রীই টেনেছে ব্লু লাইন (নর্থ-সাউথ করিডর বা দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম)। ২৩.৬ কোটির মধ্যেই ব্লু লাইনে যাতায়াত করেছেন ১৭.৯ কোটি যাত্রী। আবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রায় দ্বিগুণ হয়েছে যাত্রী সংখ্যা। ২০২৪-২৫ অর্থবর্ষে ২.৭ কোটি যাত্রী চলাচল করেছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। আর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো অংশ জুড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫.২ কোটি।
তবে ব্লু লাইনে যাত্রীর সংখ্যা কমেছে। আর সেটার নেপথ্যে কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশন থেকে পরিষেবা বন্ধ থাকার বিষয়টি আছে বলে দাবি করেছেন আধিকারিকরা। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮.৯ কোটি যাত্রী যাতায়াত করেছিলেন ব্লু লাইনে। কিন্তু গত অর্থবর্ষের প্রায় অধিকাংশ সমযই বন্ধ থেকেছে কবি সুভাষ মেট্রো স্টেশন। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু আছে। আর বছরের ১২ মাসের মধ্যে প্রায় নয় মাসই প্রান্তিক স্টেশন বন্ধ থাকার ফলে যাত্রীর সংখ্যা যে কমবে, সেটা স্বাভাবিক বলেই মনে করছেন আধিকারিকরা।
বাকি ৩ লাইনে যাত্রী সংখ্যা কত?
{{/usCountry}}বাকি ৩ লাইনে যাত্রী সংখ্যা কত?
{{/usCountry}}আর ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন যে বন্ধ আছে এবং কাজ চলছে, সেটার সঙ্গে অরেঞ্জ লাইনেরও (নিউ গড়িয়া থেকে বেলেঘাটা) যাত্রী সংখ্যা কম হওয়ার যোগ আছে। কলকাতা মেট্রোর ব্লু এবং অরেঞ্জ লাইনের ‘কানেক্টিং’ পয়েন্ট হল নিউ গড়িয়া। কিন্তু ব্লু লাইনের নিউ গড়িয়া বন্ধ থাকায় সেই সংযোগ তৈরি হচ্ছে না। ফলে কম সংখ্যক যাত্রী চলাচল করছেন।
তাছাড়া পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) যাতায়াত করেছেন ১৫.৩ লাখ যাত্রী। আর গত সেপ্টেম্বরে চালু হওয়ার পরে ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর) ১৩.৬ লাখ যাত্রী চলাচল করেছেন চলতি বছরের মার্চ পর্যন্ত।
কলকাতা মেট্রোর কোন লাইনে দৈনিক যাত্রী সংখ্যা কত?
১) ব্লু লাইন: প্রতিদিন গড়ে ৫ লাখ যাত্রী যাতায়াত করেছেন।
২) গ্রিন লাইন: রোজ গড়ে ১.৫ লাখ মানুষ যাতায়াত করেছেন।
৩) পার্পল লাইন: দৈনিক গড় যাত্রীর সংখ্যা ৫,০০০।
৪) ইয়েলো লাইন: গড়ে দিনে ৩,০০০ যাত্রী যাতায়াত করেন।
৫) অরেঞ্জ লাইন: দৈনিক যাত্রীর সংখ্যা ১,৫০০ থেকে ২,০০০-র মধ্যে ঘোরাফেরা করে।