North Bengal Projects Latest Update: উত্তরবঙ্গে নয়া বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পরে জল্পেশ ময়দানের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়িতে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি দেখা হবে। কারণ এখন জলপাইগুড়ির পড়ুয়ারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেই পরিস্থিতিতে এবার জলপাইগুড়িতেই বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি জয়ন্তদাকে (জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার) দায়িত্ব দিয়ে গেলাম। একটা জায়গা দেখে দিন। জলপাইগুড়িতে একটা ইউনিভার্সিটি বানানো দরকার। নাহলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়) অনেককে পড়তে যেতে হয়। আমরা আছি।'
সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উত্তরবঙ্গে যাতে বিভিন্ন ধরনের শিল্পের বিকাশ হয়, তা নিয়েও সদর্থক পদক্ষেপ করছে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, আমূলকেে উত্তরবঙ্গে ১৫ একর জমি দেওয়া হবে। ইতিমধ্যে জমি চিহ্নিত করে ফেলা হয়েছে। সেখানে আইসক্রিম কারখানা করবে আমূল। তাছাড়াও মালদায় লিচু প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। কাজ করা হবে তুলাইপাঞ্জি চাল, আনারস, ভুট্টা নিয়েও।
পাশাপাশি উত্তরবঙ্গ সফর থেকে চা শ্রমিকদেরও আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর আগেই বন্ধ থাকা ১০-১২টি চা-বাগান খুলে যেতে পারে। এখন যে ২৫টি বাগান বন্ধ আছে, সেগুলি নিয়ে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং চা বোর্ডের চেয়ারম্যানও। সেই পরিস্থিতিতে মাসতিনেকের মধ্যে কমপক্ষে ১০ থেকে ১২টি চা-বাগান খুলে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেইসবের মধ্যেই শিলিগুড়িতে নয়া ফ্লাইওভারের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এয়ার ভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ওভারব্রিজ বা রেলরোড ব্রিজ চালু করা হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।