...
...
Next Story

NEET Topper on Question Leak Protest: ‘না পড়ে বিক্ষোভ দেখাতে যাব কেন?’ বললেন NEET ‘টপার’, মুখ খুললেন শিক্ষামন্ত্রীও

NEET Topper on Question Leak Protest: নিট নিয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করলেন, পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন রাহুল গান্ধীরা। মুখ খুললেন নিট টপার।

Published on: Jul 22, 2026, 07:35:50 IST
Advertisement

NEET Topper on Question Leak Protest: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল হয়েছে দেশ। দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। রাস্তায় নেমেছেন পড়ুয়ারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তোলা হচ্ছে। সেই আবহে এবার নিটে (নতুন করে নেওয়া পরীক্ষায়) দ্বিতীয় স্থানাধিকারী পানশুল বনশল স্পষ্ট করে দিয়েছেন, প্রাথমিকভাবে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা বাতিল হওয়ার পরে হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেটাকেই একটা সুযোগ হিসেবে দেখেছিলেন। ভেবেছিলেন যে বাড়িতে বসে যখন পড়াশোনা করতে পারবেন, নিটের জন্য প্রস্তুতি নিতে পারবেন, তখন কেন প্রতিবাদে শামিল হবেন?

‘না পড়ে বিক্ষোভ দেখাতে যাব কেন?’, বললেন নিট 'টপার'

নিট নিয়ে বিক্ষোভের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। (ছবি সৌজন্যে পিটিআই এবং ফেসবুক Dharmendra Pradhan)
নিট নিয়ে বিক্ষোভের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। (ছবি সৌজন্যে পিটিআই এবং ফেসবুক Dharmendra Pradhan)

সংবাদমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ভেবেছিলাম যে আমি কেন বিক্ষোভ কর্মসূচিতে যাব? আমি বরং বাড়িতে পড়তে পারি। আমার দক্ষতা বাড়াতে পারি এবং আমার নিজের স্কোর বাড়াতে পারি।’

আরও পড়ুন: Kolkata Girl becomes Global Topper: 'বিশ্বসেরা' হলেন কলকাতার ছাত্রী, সুযোগ লন্ডনের কলেজে, ‘টপার’ হয়েছেন আরও ২ পড়ুয়া

হতাশার মধ্যেই ইতিবাচক দিক খুঁজে পেয়েছিলেন

সেইসঙ্গে ওই সংবাদমাধ্যমে তিনি জানান, প্রাথমিকভাবে ৩ মে নিট দিয়ে ভেবেছিলেন যে সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ পেয়ে যাবেন। কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে হতাশ হয়ে পড়েছিলেন। পরে অবশ্য সেটার ইতিবাচক দিক খুঁজে নিয়েছিলেন। জোর দিয়েছিলেন ২১ জুন হওয়া নিট পরীক্ষার প্রস্তুতিতে। আর সেই রেশ ধরেই এবার নিটে ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়েছেন (পার্সেন্টাইল ৯৯.৯৯৯৯) বলে জানিয়েছেন দিল্লির ছেলে।

তারইমধ্যে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা-সহ বিভিন্ন দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধীর ধরনা নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, নিজেদের রাজনৈতিক স্বার্থেই পড়ুয়াদের স্রেফ হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বিরোধীরা।

আরও পড়ুন: Success Story: ষষ্ঠ শ্রেণিতে ফেল, স্কুল ছাড়েন, সেই ছেলেই আজ ৪,০০০ কোটি টাকার কোম্পানির মালিক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, ‘সংসদের বাদল অধিবেশনের সময় জোর করে বিশৃঙ্খলা তৈরি করতে নির্লজ্জের মতো পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস।’ তিনি আরও বলেছেন, ‘রাহুল গান্ধীর কাছে এটা পড়ুয়াদের বিষয় নয়। আলোচনার সমস্ত প্রকৃত পথ খোলা থাকার পরেও সংঘাত জিইয়ে তোলার বিষয়টিই তাঁর কাছে মুখ্য।’

পড়ুয়াদের কী বার্তা শিক্ষামন্ত্রীর?

সেইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘নেহাতই ক্ষোভ প্রকাশের থেকেও পড়ুয়াদের কাছে বেশি কিছু করার দায়বদ্ধতা রয়েছে আমাদের। তাঁদের কাছে আমাদের দায়বদ্ধতা হল—জবাব দেওয়া, সংস্কার সাধন এবং জবাবদিহি নিশ্চিত করা। আর ঠিক এই বিষয়গুলোই বাস্তবায়নে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe