Bangladesh in ICC T20 WC Latest Update: বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছাঁটতে ২ মিলিয়ন ডলার 'খরচ' BCCI-এর?
বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক অভিযোগ করেছেন, টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সাথে যাতে আয়ারল্যান্ড গ্রুপ অদলবদল না করে, তার জন্য ভারত নাকি আয়ারল্যান্ডকে ২ মিলিয়ন ডলার দিচ্ছে। এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ অবশ্য তিনি তুলে ধরেননি।
বাংলাদেশ যে ভারতে গিয়ে টি২০ বিশ্বকাপ খেলবে না, তা এক প্রকার নিশ্চিত করে দিয়েছে বিসিবি। তাও বিষয়টি নিয়ে চূড়ান্ত জবাব জানানোর শেষ তারিখ হবে ২১ জানুয়ারি। এরই মাঝে চোখে ভারত বিরোধিতার পট্টি বেঁধে ভিত্তিহীন অভিযোগ করলেন এক বাংলাদেশি সাংবাদিক। রিসাদ আজিম নামক জনপ্রিয় বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক অভিযোগ করেছেন, টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সাথে যাতে আয়ারল্যান্ড গ্রুপ অদলবদল না করে, তার জন্য ভারত নাকি আয়ারল্যান্ডকে ২ মিলিয়ন ডলার দিচ্ছে। এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ অবশ্য তিনি তুলে ধরেননি। তবে তাঁর বক্তব্য, কার্যত বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেওয়ার জন্যেই নাকি এই কাজ করেছে ভারত। যদিও এই দাবির কোনও মাথামুন্ড নেই।

এর আগে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। এই পরিস্থিতিতে ২১ জানুয়ারির মধ্যে নিজেদের অবস্থান চূড়ান্তভাবে জানিয়ে দিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ যদি ততদিন পর্যন্ত ভারতে না আসার বিষয়ে অটল থাকে, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আইসিসি। সেই ক্ষেত্রে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে টি২০ বিশ্বকাপে খেলানো হতে পারে বলে চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। পরে ঢাকায় আইসিসি কর্মকর্তার সঙ্গে বিসিবি কর্তাদের বৈঠক হয়। তবে তাতেও বাংলাদেশের কোনও দাবি মেনে নেওয়া হয়নি। এদিকে এই বিষয়টি স্পষ্ট যে বাংলাদেশ সরকার দেশের ক্রিকেট নষ্ট করেও বিসিবিকে তাদের অবস্থান বদল করতে দেবে না। এই আবহে এই টি২০ বিশ্বকাপে বাংলাদেশের আর খেলা হচ্ছে না।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ। ৮ মার্চ টুর্মামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ সি- আছে বাংলাদেশ। তাদের গ্রুপ পরবের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায়, একটি মুম্বইতে। বিশ্বকাপ শুরুর দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার কথা বাংলাদেশের। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেনেই ম্যাচ খেলার কথা বাংলাদেশের। আর নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি মুম্বইতে খেলার কথা বাংলাদেশের।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


