Mofakkerul Islam Arrested: 'এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই…', কালিয়াচক কাণ্ডে গ্রেফতার মোফাক্কেরুল
শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল মোফাক্কেরুল। এই মোফাক্কেরুলের উস্কানিমূলক ভাষণের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাকে একটি গাড়ির ওপর উঠে উত্তেজিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে সেই ভিডিয়োতে।
কালিয়াচকে বিচারকদের বিরুদ্ধে উস্কানি দেওয়া আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এই এআইএমআইএম নেতাকে। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল মোফাক্কেরুল। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এই মোফাক্কেরুলের উস্কানিমূলক ভাষণের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাকে একটি গাড়ির ওপর উঠে উত্তেজিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে সেই ভিডিয়োতে। তাকে বলতে শোনা গিয়েছিল - 'এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই…'

রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে মোফাক্কেরুলের নাম উঠে আসে। এই আবহে এআইএমআইএম নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযানও চালিয়েছিল। শেষ পর্যন্ত আজ বাগডোগরা বিমানবন্দর থেকে ধরে পড়েছে সে।
মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিল। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাক্টিস শুরু করে। বর্তমানে কলকাতায় থাকলেও তার আদি বাড়ি ইটাহারের পোরসা হাটখোলায়। ২০২১ সালে বিধানসভা ভোটে আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছিল মোফাক্কেরুল। ইটাহারের এমআইএম প্রার্থী হিসাবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিল সে, যা কি না নোটার থেকেও অনেক কম ছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











