AMRIT At Kalyani AIIMS: অনেক সস্তায় মিলবে জীবনদায়ী ওষুধ, কল্যাণী এইমসে ‘AMRIT’ উদ্বোধন করলেন জেপি নড্ডা
AMRIT At Kalyani AIIMS for Low Price Med: কল্যাণীতে এবার অনেকটাই সস্তায় পাওয়া যাবে জীবনদায়ী ওষুধ। শনিবার দিল্লি থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা উদ্বোধন করলেন অমৃত ফার্মেসীর। কোন কোন ওষুধ পাওয়া যাবে কতটা কম দামে, জেনে নিন বিশদে।
কল্যাণী এইমসে এবার থেকে সস্তায় পাওয়া যাবে বহু জীবনদায়ী ওষুধ। হাসপাতাল চত্বরেও কেন্দ্রের উদ্যোগে তৈরি হল ওষুধ বিক্রয় কেন্দ্র যার নাম ‘AMRIT’। সাধারণত সরকারি হাসপাতালের ওষুধের দোকানে সাধারণ দোকানের তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যায় জীবনদায়ী বিভিন্ন ওষুধ। এবার কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন এইমসে পাওয়া যাবে সেইসব ওষুধ। কোথাও কোথাও এমআরপি-র থেকে ৫০ শতাংশ কম দামে পাওয়া যাবে এইসব ওষুধগুলি।
শনিবার দেশজুড়ে ১০টি জায়গায় চালু হল ‘AMRIT’ (Affordable Medicines and Reliable Implants for Treatment) ফার্মেসি। দিল্লি থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা পশ্চিমবঙ্গের এইমস-সহ আরও ১০টি স্থানে এই ফার্মেসি বা ওষুধের দোকানের উদ্বোধন করলেন। সাধারণত সুগার, প্রেশারসহ বিভিন্ন জটিল ও ক্রনিক রোগের ওষুধ বাজার থেকে চড়া দামে কিনতে হয়। কিন্তু এই ওষুধগুলি এইসব দোকান থেকে অনেকটাই কম দামে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বলা হয়েছে, কোনও কোনও ওষুধের দাম সর্বাধিক বিক্রয়মূল্যের থেকে ৫০ শতাংশ কম দামেও পাওয়া যাবে।
দেশের কোথায় কোথায় শুরু হল ‘AMRIT’ পরিষেবা?
দেশের মোট দশটি হাসপাতালে শুরু হল ‘AMRIT’ পরিষেবা। এর মধ্যে রয়েছে— AIIMS কল্যাণী (Unit 3), PGI Neuroscience Centre চণ্ডীগড়, জম্মুর GMCH (Unit 2), স্টেট ক্যান্সার ইনস্টিটিউট জম্মু, AIIMS দেওঘর, শ্রীনগর ডেন্টাল হসপিটাল, SCTIMST ত্রিবান্দ্রম, মুম্বই পোর্ট ট্রাস্ট, IIT যোধপুর, AIIMS গোরক্ষপুর।
সারা দেশে জনৌষধি আউটলেট কতগুলি
প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই সারা দেশ জুড়ে ওষুধের দাম সহজলভ্য করার লক্ষ্য নিয়েছিল মোদী সরকার। ওই সালেই কেন্দ্র ‘AMRIT’ ও জনৌষধি প্রকল্প শুরু করেছিল। পরবর্তী বছরে অর্থাৎ ২০১৫ সালে দেশের ২৪টি রাজ্যে এই প্রকল্প ছড়িয়ে পড়ে। পাশাপাশি ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলেও এই প্রকল্প চালু করা হয়। একে একে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে সস্তায় ওষুধ কেনার কেন্দ্র। বর্তমানে সারা দেশে ২৫৫টি আউটলেট রয়েছে জনৌষধির।
কী কী পাওয়া যায়
বিভিন্ন জীবনদায়ী ওষুধের পাশাপাশি এই আউটলেটগুলিতে কমদামে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। একই সঙ্গে এখানে বিভিন্ন যন্ত্রপাতিও থাকে। এই তালিকাতেই এবার নবতম সংযোজন এই দশটি আউটলেট। ‘AMRIT’ প্রকল্পের এই দশটি আউটলেটেও এবার থেকে পাওয়া যাবে নানা জীবনদায়ী ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম।
News/Bengal/AMRIT At Kalyani AIIMS: অনেক সস্তায় মিলবে জীবনদায়ী ওষুধ, কল্যাণী এইমসে ‘AMRIT’ উদ্বোধন করলেন জেপি নড্ডা