Sign in

ভোটমুখী বঙ্গে বড় চমক! এক সারিতেই তৃণমূল-BJP, ১০ আসনে লড়বে লিবারেশন

এদিন দলের তরফে ১০ টি আসনে লড়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেন লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার।

Published on: Mar 16, 2026, 23:50:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। ভোটে জিততে রাজনৈতিক দলগুলিতে চলছে প্রার্থী তালিকা প্রকাশের তোড়জোড়। আর এই আবহে ফের নীতিবদল সিপিআই (এমএল) লিবারেশনের। এতদিন বিজেপিকেই একমাত্র রাজনৈতিক ‘শত্রু’ বলে চিহ্নিত করা দল এবার তৃণমূল-বিজেপিকে এক সারিতে বসিয়ে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারা ঘোষণা করেছে, এবার বিধানসভায় ১০টি আসনে লড়বে সিপিআই (এমএল)। এরমধ্যে সোমবারই প্রথম দফায় মোট ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট।

১০ আসনে লড়বে লিবারেশন (সৌজন্যে টুইটার)
১০ আসনে লড়বে লিবারেশন (সৌজন্যে টুইটার)

এদিন দলের তরফে ১০ টি আসনে লড়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেন লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। এছাড়া তিনি জানান, বৃহত্তর বাম ঐক্য পুনরায় গড়ে তোলার লক্ষ্যে তারা সিপিএমের সঙ্গে আলোচনা করবে। তারপরে ওই ১০ টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। ‘বাংলার বুকে চাই বামপন্থার পুনর্জাগরণ’ – এই স্লোগান তুলে গত বছরের শেষদিকে রাজ্য সম্মেলন করেছিল সিপিআই (এমএল)। বাংলার বুকে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রতিহত করার ডাক দেওয়া হয় সেখানে। বৃহত্তর বাম ঐক্য গঠন নিয়ে বারবার বার্তা দেওয়া হয়েছে। এমনকী ছাব্বিশের ভোটের আগে লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য নিজে বিজেপির সঙ্গে তৃণমূলকে এক সারিতে রাখার বিপক্ষে বারবার মতপ্রকাশ করেছেন। তৃণমূল সম্পর্কে সিপিএমের মূল্যায়ন যে ভুল, লিবারেশনের তরফে আবারও স্পষ্ট করা হয়েছিল।

দীপঙ্কর ভট্টাচার্যর মতে, বাংলায় বামপন্থার পুনর্জাগরণ দরকার। তৃতীয় শক্তি উঠে আসুক। দরকারে বিজেপিকে ঠেকাতে তৃণমূলকেও সমর্থন দিতে পিছপা হয়নি লিবারেশন। গত বছরের বিহারের ভোটে এই একই নীতির উপর লড়াই করে চারটি আসন জিতেছিল লিবারেশন। কিন্তু এবার বঙ্গ ভোটে কার্যত বিজেপি এবং তৃণমূলের বিপক্ষে লড়তে চলেছে লিবারেশন। সোমবার বিজ্ঞপ্তিতে রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার জানিয়েছেন, বিজেপি-আরএসএসের বাংলা দখলের লক্ষ্যে পরিচালিত ফ্যাসিবাদী আগ্রাসন ও তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে বঙ্গভোটে লড়াই করবেন তাঁরা। বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিএম শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ১০ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন এই অবস্থান বদল? রাজনৈতিক মহলের মত, রাজ্য ভিত্তিতে রণকৌশল বদলের পক্ষে লিবারেশন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলায় তৃণমূল এবং বিজেপিকে একইরকম বিপজ্জনক রাজনৈতিক দল বলে মনে করছে দীপঙ্কর ভট্টাচার্যের দল। প্রসঙ্গত, গত বছর বিহারে বিধানসভা ভোটে ৪টি আসনে জয় পেয়েছিল লিবারেশন। এবার তাদের লক্ষ্য বঙ্গ বিধানসভা।