আজ থেকে টানা ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা, মহানগরে দুর্যোগ কত দিন?
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে।
পূর্বাভাস মতোই চৈত্রের শুরুতেই প্রবল দুর্যোগের সম্মুখীন বাংলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার ঠ্যালায় জেরবার সাধারণ মানুষের জনজীবন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার সন্ধ্যায় ঝড় উঠেছিল। কলকাতাতেও ঝোড়ো হাওয়া বইছে দিনের অধিকাংশ সময়। ঝড়ে বাঁকুড়ায় টিনের শেড চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও চার জন। একাধিক গাছ ভেঙে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলও সাময়িক ভাবে ব্যাহত হয়েছে। আজ, সোমবার এবং আগামী কয়েকদিন রাজ্যে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সতর্কতা রয়েছে সোমবার এবং মঙ্গলবার। এদিন শহরে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার হাওয়ার বেগ কিছুটা কমতে পারে। এরপর শনিবার এবং রবিবার ফের শহরে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ৭০ কিলোমিটারেও। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার, মঙ্গলবারের পর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবারের সতর্কতা রয়েছে শনিবার এবং রবিবার।
E-Paper











