WB School: আলোচনা, বিতর্কসভা! আগামী ১৫ দিন শ্যামাপ্রসাদ পক্ষ, রাজ্যের সব স্কুলে বড় নির্দেশ সরকারের

WB School: গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা শুনতে চাইছেন রাজ্যের মানুষ। তাই সরকারও চায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা হোক।

Published on: Jun 23, 2026, 14:17:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB School: পালাবদলের বাংলায় ক্রমশ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছেন 'ভারত কেশরী' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর জন্মদিন ৬ জুলাই সরকারি ছুটি, বিরাট মূর্তি গড়ায় উদ্যোগ আগেই গ্রহণ করেছে রাজ্য সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য এবার রাজ্যের প্রত্যেকটা স্কুলে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানালেন, উচ্চশিক্ষা দফতর আজ থেকে আগামী পনেরো দিন রাজ্যের সব স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করবে।

রাজ্যের সব স্কুলে বড় নির্দেশ সরকারের
রাজ্যের সব স্কুলে বড় নির্দেশ সরকারের

এর আগেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার স্কুলে স্কুলেও সেই নির্দেশ পৌঁছে দিল বিকাশ ভবন। বিকাশ ভবন সূত্রের খবর, সোমবার রাজ্যের সব জেলাস্কুল পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কুলেও পৌঁছতে শুরু করেছে এই নির্দেশ। আগামী ১৫ দিন স্কুলগুলোতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দফতরের নির্দেশে বলা রয়েছে, এই সময়কালের মধ্যে আলোচনা সভা, স্মারক বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, শ্যামাপ্রসাদের লেখা এবং তাঁর বক্তব্য পাঠ, তাঁর অবদান এবং জীবনের নানা ঘটনাকে নিয়ে প্রদর্শনীর মতো নানা বিষয় করতে পারবে স্কুলগুলি। তার পরে সেগুলি জিও ট্যাগ ছবি করে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ভবিষ্যতে সেগুলি প্রয়োজনে লাগতে পারে।

গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা শুনতে চাইছেন রাজ্যের মানুষ। তাই সরকারও চায় শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা হোক। ২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন থেকে শুরু করে ৬ জুলাই তাঁর জন্মদিবস পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের করার নির্দেশ দেয় উচ্চশিক্ষা দফতর। সোমবার স্কুলশিক্ষা দফতরও উদ্যোগী হল। সূত্রের খবর, শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনই নয়। বিজেপি সরকার রাজনারায়ণ বসু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উদ্‌যাপন বিষয়েও আগ্রহী। এ বিষয়ে পরিকল্পনা চলছে।

ক্ষমতায় আসার পরই বিজেপি সরকার স্পষ্ট করে দিয়েছিল, হারিয়ে যাওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে তাঁরা ফিরিয়ে আনবে। মানুষ যাতে শ্যামাপ্রসাদ নিয়ে চর্চা করেন, তাতে সচেষ্ট সরকার। একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ ভারতে অন্তর্ভুক্তি এবং সেই ঘটনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভুমিকা সকলের সামনে তুলে ধরতে গোটা রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিবস পালনের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে সোমবার রাজ্য বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হুগলির জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি রাজ্য সরকার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক, সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে এবং মূল বাড়িটি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি, জিরাটে তাঁর একটি ১২৫ ফুট উঁচু বিশাল মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি, শ্যামাপ্রসাদের স্মৃতির উদ্দেশ্যে রাজ্যজুড়ে পার্ক, গ্রন্থাগার ও স্মারক নির্মাণের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।