WB Rain Forecast till 2nd March: বৃষ্টি চলবে বুধেও? কয়েকদিন একটু শান্তি এলেও কবে থেকে ফের চড়বে বাংলার তাপমাত্রা?
বসন্তের মধ্যেই বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। এমনকী ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার জন্য একাধিক জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবারও কি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে? কবে থেকে ফের গরম বাড়বে?
আজই শেষ। বুধবার থেকে ফের পুরনো ফর্মে ফিরবে বৃষ্টি। সপ্তাহের তৃতীয় কর্মদিবস থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আপাতত কয়েকদিন গরম অতটাও বেশি থাকবে না। গরম থাকবে। কিন্তু একটু রেহাই মিলবে কয়েকদিন। তারপর থেকে ফের চড়চড়িয়ে বাড়বে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একইভাবে দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে?
তারইমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেইসঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে কী হবে?
তবে বুধবার থেকে বৃষ্টির নিরিখে ফের পুরনো ছন্দে ফিরবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ বুধবার থেকে আগামী ২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।
কবে থেকে ফের গরম বাড়বে পশ্চিমবঙ্গে?
তারইমধ্যে আগামী চারদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন (রাতের তাপমাত্রা) এবং সর্বোচ্চ তাপমাত্রার (দিনের তাপমাত্রা) কোনও হেরফের হবে না। পরবর্তীতে তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলিয়াস বৃদ্ধি পাবে। ধাপে-ধাপে বৃদ্ধি পাবে বিভিন্ন জেলার তাপমাত্রা।
তারইমধ্যে বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। আর দক্ষিণবঙ্গে পড়বে না কুয়াশা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


