আবহাওয়ার বড় টুইস্ট! একটু পরেই ভিজবে দক্ষিণবঙ্গের ৫ জেলা, মহানগরে কী বৃষ্টি হবে? জানুন লেটেস্ট আপডেট
দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় বৃষ্টি না হলেও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার থেকেই কলকাতায় গরমের দাপট বাড়তে শুরু করেছে। আকাশ মেঘলা থাকলেও ঘামের অস্বস্তি রয়েছে। শীতের শেষে গরমের প্রথম ধাক্কায় সাধারণ মানুষ কার্যত হাঁসফাঁস অবস্থায়। এরমধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আবারও বদলের ইঙ্গিত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমের অস্বস্তির মধ্যেই অনেকেই এখন অপেক্ষা করছেন, আজ বৃষ্টি হবে কিনা তার জন্য।

ফাল্গুনের শেষে একের পর এক ঘূর্ণাবর্তের দাপটে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট দেখা গিয়েছে। একদিকে পূর্ব বাংলাদেশের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, উত্তর পূর্ব আসাম ও নাগাল্যান্ডে আরও একটি ঘূর্ণাবর্ত।ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। আর তাতেই রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার ঘূর্ণাবর্তের জেরে গঙ্গে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যা নাগাদ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার, এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মহানগরে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। এদিন সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা গিয়েছে আকাশে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও পরক্ষনেই মেঘে ঢেকে যাচ্ছে। তবে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হলেও অস্বস্তি কিছুতেই কমছে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি।
বুধবারও থাকবে বৃষ্টির দাপট
আগামীকাল, বুধবারও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আর এই বৃষ্টি দুর্যোগ কাটতেই দক্ষিণে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রবিবার দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় বৃষ্টি না হলেও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও রয়েছে এই তালিকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই সকলকে সাবধানে থাকার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
E-Paper











