Falta Model: কথা রাখলেন CM! ভেঙে চুরমার অভিষেকের সাধের গড়, ‘ফলতা মডেল’-র জন্য বাজেটে বিশেষ বরাদ্দ

Falta Model: বাংলায় ক্ষমতায় আসার পর রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতাকে নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ফলতাকে মডেল ব্লক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে এই এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

Published on: Jun 22, 2026, 22:59:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Falta Model: অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ের পর, ডায়মন্ড হারবারকে মডেল বানাতে চেয়েছিলেন। সেই মডেল তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একেবারে তছনছ। ক্ষমতার পালাবদলের পর রাজ্যের নতুন বিজেপি সরকার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভাকে ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করল। সোমবার বিধানসভায় পেশ করা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

‘ফলতা মডেল’-র জন্য বাজেটে বিশেষ বরাদ্দ (Debajyoti Chakraborty)
‘ফলতা মডেল’-র জন্য বাজেটে বিশেষ বরাদ্দ (Debajyoti Chakraborty)

এতদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল চলত ফলতায়। চুরমার হয়েছে সেই ডায়মন্ড হারবার মডেল। ছাব্বিশের নির্বাচনের আগে থেকে ফলতা বিধানসভা এলাকা শিরোনামে উঠে আসে। সেখানে তৃণমূল প্রার্থী তথা অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গির খান (স্বঘোষিত পুষ্পা) বর্তমানে জেলবন্দি। পুনর্নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে জিতেছে বিজেপি। আর বাংলায় ক্ষমতায় আসার পর রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফলতাকে নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ফলতাকে মডেল ব্লক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে এই এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর জন্য ফলতার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। এখানে ‘কম্প্রিহেনসিভ এমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার’-এর ব্যবস্থা থাকায় প্রসূতিদের আর দূরের হাসপাতালে রেফার করার প্রয়োজন পড়বে না। এবার ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই জরুরি ভিত্তিতে পরিষেবা পাবেন প্রসূতিরা। সেখানেই হবে প্রসব।

শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অংশ হিসেবে এলাকায় একটি নতুন মহিলা কলেজ তৈরির ঘোষণাও করা হয়েছে। এছাড়াও ফলতায় ফায়ার স্টেশন তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ফলতার ফতেপুর ফুটবল গ্রাউন্ডের জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের রূপরেখা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ফলতায় এসইজেড শিল্পতালুক রয়েছে। সেই শিল্পতালুককে আরও সম্প্রসারণ করা হবে। বন্দরভিত্তিক প্রোগ্রামের পরিকল্পনা করা হবে। গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোও আরও উন্নত করা হবে। গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারও থাকবেন। আধুনিক চিকিৎসা সামগ্রী থাকবে। এবার এর জন্য বাজেটে বরাদ্দ করার কথা ঘোষণা করলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলতায় মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির কথাও আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরে ফলতার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। রোগীর অবস্থা সামান্য জটিল হলেই রেফার করে দেওয়ার প্রবণতা ছিল প্রবল। নতুন এই পদক্ষেপে সেই পরিস্থিতি বদলানোর ব্যাপারে আশাবাদী এলাকাবাসী। ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা বাজেট ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘এতদিন যা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল, আজ তা বাস্তবে রূপ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী ফলতাকে যে গুরুত্ব দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ।’ অতীতে আলোচিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর বিপরীতে শুভেন্দু অধিকারী সরকারের এই ‘ফলতা মডেল’ রাজনৈতিক মহলে এখন চর্চার কেন্দ্রে। প্রশাসনিক সূত্রে খবর, নতুন পরিকাঠামো তৈরির জন্য জমি চিহ্নিতকরণ ও ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।