Sign in

২১ লক্ষ ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি! কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট? বড় আপডেট

এখনও বড় সংখ্যক ভোটার, প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীন অবস্থাতেই রয়েছেন। সামনে ভোট রয়েছে। এই অল্প সময়ের মধ্যে বাকি সমস্ত নামের নিষ্পত্তি করা সম্ভব কিনা, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।

Published on: Mar 18, 2026, 13:02:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছাব্বিশের মহারণের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে, রাজ্যজুড়ে জোর প্রস্তুতি চলছে। কিন্তু এরমধ্যেই বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। রাজ্যের ৬০ লক্ষ ভোটার এখনও জানেন না, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না। কারণ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও এখনও বহু মানুষের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে। কবে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে, আর কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা, এই প্রশ্নেই এখন চর্চা তুঙ্গে। এবার সেই তথ্যই জানাল নির্বাচন কমিশন। বিবেচনাধীনদের নামের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরতে পারে, তাও জানালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট? (PTI)
কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট? (PTI)

বিবেচনাধীনদের তালিকা কবে বেরবে?

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। অর্থাৎ, তাঁরা ভোট দিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যে বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

এবার প্রশ্ন উঠছে, যাঁদের নামের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নিয়ে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে? এই বিষয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, 'সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই আমরা তা প্রকাশ করতে পারব। যে সব নামের নিষ্পত্তি হয়েছে, সেগুলি এক-দু’দিনের মধ্যে আমাদের সঙ্গে শেয়ার করবেন জুডিশিয়াল অফিসাররা। এখন যে অবস্থায় রয়েছে, তাতে শুক্রবার কিংবা শনিবার সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে যাওয়ার কথা।' বিশেষ পর্যবেক্ষকের কথাতেই স্পষ্ট, শুক্রবারের আগে সাপ্লিমেন্টারি তালিকা বেরনো সম্ভব নয়। তবে এখনও বড় সংখ্যক ভোটার, প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীন অবস্থাতেই রয়েছেন। সামনে ভোট রয়েছে ২৩ ও ২৯ এপ্রিল, অর্থাৎ হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে বাকি সমস্ত নামের নিষ্পত্তি করা সম্ভব কিনা, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। এদিকে, যাঁদের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তাঁদের ট্রাইবুনালে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া কবে শুরু হবে এবং কতটা সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তৃণমূলের

এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'এখন দায় হাইকোর্টের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। আমাদের নেত্রী বলেছেন, বিচারব্যবস্থার উপর আস্থা আছে। কিন্তু আমাদের কাছে তথ্য নেই, কমিশন আদালতের সঙ্গে কিভাবে সমন্বয় করে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করছে। যাদের নাম বাদ যাবে, তারা ট্রাইবুনালে আবেদন করবে। কিন্তু তারা কবে করবে? সেই সময়টা তো দিতে হবে। এই বিষয়েও কোনও উত্তর দিচ্ছে না কমিশন। এর পিছনে কী অন্য কোনও উদ্দেশ্য আছে? ভোটাধিকার আপনারা কেড়ে নেবেন, কিন্তু আমরা তো সেটা কেড়ে নিতে দেব না। আপনাকে তো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করতে বলেছে। সেটা কবে কে করবেন?' সব মিলিয়ে, ভোটের আগে এই বিশাল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপরই।