২৩ লক্ষেরও বেশি নামে নিষ্পত্তি! বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি, ভোটের আগে শেষ হবে কাজ?
দু’দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল হবে বিধানসভা নির্বাচন। তার আগেই এসআইআর তালিকায় ‘বিচারাধীন’ থাকা নামের নিষ্পত্তি করতে চায় নির্বাচন কমিশন।
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, রাজ্যজুড়ে জোর প্রস্তুতি চলছে। কিন্তু এরমধ্যেই বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এখনও বহু মানুষের নাম ‘বিচারাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে। কবে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে, আর কবে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা, এই প্রশ্নেই এখন চর্চা তুঙ্গে।

দু’দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল হবে বিধানসভা নির্বাচন। তার আগেই এসআইআর তালিকায় ‘বিচারাধীন’ থাকা নামের নিষ্পত্তি করতে চায় নির্বাচন কমিশন। আর তাই এই কাজে আরও গতি আনা হয়েছে। কমিশন সূত্রে খবর, দিনে প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। সেই মতো বুধবার পর্যন্ত মোট ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিচারাধীন’ নামের নিষ্পত্তি করেছেন বিচারকরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সংখ্যাটা প্রায় ২৫ লক্ষের কাছে পৌঁছে যাবে বলেই আশাবাদী কমিশন। সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে ‘বিচারাধীন’ থাকা নাম নিষ্পত্তি হলে ভোটের আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যেতে পারে। বলে রাখা ভালো, গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ‘বিচারাধীন’ থাকা নামগুলি খতিয়ে দেখে তা নিষ্পত্তি করার কাজ করছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। হাইকোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজ করছেন।
কিন্তু আতঙ্ক এবং উদ্বেগ দুটোই রয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে বিচারাধীন থাকা ভোটারদের কী হবে? তাঁরা কী আদৌ ভোট দিতে পারবেন? নাকি গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব থেকে দূরেই থাকতে হবে? এদিকে, যাঁদের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তাঁদের ট্রাইবুনালে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া কবে শুরু হবে এবং কতটা সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে গত ১৫ মার্চ, ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিন সাংবাদিক বৈঠকে সেই বিষয়টি কিছুটা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার জানান, 'সংবিধান মেনে এসআইআর হয়েছে। অবৈধ ভোটাররা যাতে বাদ পড়েন এবং বৈধ ভোটারদের নাম ওঠে, সেই লক্ষ্যে এসআইআর করা হচ্ছে। বিচারাধীন থাকা যোগ্য ভোটারদের নাম উঠবে ভোটার তালিকায়। তার জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। অযোগ্য ভোটারদের নাম বাদ যাবে।' কিন্তু কবে এসব নিষ্পত্তির পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই সময় তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে আগামিকাল শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের কথা। যেখানে নিষ্পত্তি হয়ে যাওয়া নামের উল্লেখ থাকবে বলেই খবর।
যদিও এই তালিকা প্রকাশের আগে আজ, বৃহস্পতিবার ফের বৈঠকে বসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। যেখানে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক শীর্ষ কর্তার উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও সিইও দফতরের আধিকারিকদের সঙ্গেও হাইকোর্টের প্রধান বিচারপতির বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।
E-Paper

