ভোটের ময়দানে অভয়ার বাবা-মা? ছাব্বিশের দামামা বাজতেই সাক্ষাৎ অর্জুন সিংয়ের, কী বলছে পরিবার?
২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। চিকিৎসক মহল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদে সরব হয়।
রাজ্যে নির্বাচনের ঘন্টা বাজতে পারে যে কোনও সময়। বর্তমানে সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি চলছে জোরকদমে। এই আবহে নতুন জল্পনা ছড়াল রাজ্য রাজনীতিতে। ‘অভয়া’র পরিবার কী এবার নির্বাচনের ময়দানে নামতে চলেছে? বৃহস্পতিবার বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যাওয়ার পরই সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে সাক্ষাতের পরই অভয়ার বাবা-মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই, তাঁদের একমাত্র লক্ষ্য ন্যায়বিচার।

২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। চিকিৎসক মহল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদে সরব হয়। ঘটনার পর থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে পরিবার। তাঁদের দাবি, ন্যায়বিচারের জন্য লড়াই এখনও শেষ হয়নি। নির্বাচনের প্রাক্কালে একাধিকবার নানা মহলে গুঞ্জন উঠেছিল অভয়ার বাবা-মায়ের প্রার্থী হওয়া নিয়ে। সেই গুঞ্জনের মধ্যেই অভয়ার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা অর্জুন সিং। আর এই সাক্ষাৎকার অভয়ার বাবা-মায়ের রাজনীতিতে আসার জল্পনাকে বেশ কিছুটা উসকে দিয়েছে। যদিও পরিবারের দাবি, অর্জুন সিং সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ করতেই তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সামনে নির্বাচন থাকলেও তাঁদের ভোটে দাঁড়ানোর জন্য কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলেই জানিয়েছেন অভয়ার বাবা। তাঁর কথায়, 'আমরা পরিষ্কার বলেছি, আমাদের লক্ষ্য একটাই-ন্যায়বিচার।'
অভয়ার মা-ও একই সুরে জানিয়েছেন, তিনি মানসিকভাবে রাজনীতিতে আসার জন্য প্রস্তুত নন। তাঁর কথায়, 'আমার একমাত্র মেয়ে ছিল। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্নের সঙ্গেই আমাদের সব শেষ হয়ে গেছে। এখন আমাদের জীবনে একটাই লক্ষ্য-ন্যায়বিচার।' তিনি আরও বলেন, তাঁদের লড়াই কোনও রাজনৈতিক দল বা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে। তদন্তে বিলম্ব হলে অপরাধীরাই সুযোগ পায় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পরিবার জানায়, তাঁরা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু এখনও সেই সুযোগ পাননি। অন্যদিকে অর্জুন সিং দাবি করেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। পরিবারের সঙ্গে মামলার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তবে তাঁর অভিযোগ, এই ঘটনায় রাজ্য সরকারই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বিচারপ্রক্রিয়াও নানা চাপের মুখে পড়ছে। তিনি আরও বলেন, ১৪ তারিখ প্রধানমন্ত্রীর সফরের সময় তিনি এই বিষয়টি তাঁর সামনে তোলার চেষ্টা করবেন এবং পরিবারের ন্যায়বিচারের দাবির কথা জানাবেন। এদিকে, মামলার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে মামলার শুনানিতে জট তৈরি হচ্ছে এবং একাধিকবার এজলাস বদল হয়েছে। আদালতে মেনশন করার পরও বিচারপতি শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন বলে অভিযোগ তাঁর। এতে বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন তিনি।
E-Paper

