Chabahar Attacked by USA: চাবাহার বাণিজ্য অঞ্চলের কাছে হামলা চালাল আমেরিকার যুদ্ধবিমান, নিশানায় ইরানের ঘাঁটি
চাবাহারের যে পাহাড়ি এলাকায় এই হামলা চালানো হয়েছে, তা চাবাহারের মুক্ত বাণিজ্য অঞ্চলের খুবই কাছে। চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলটি ইরানের দক্ষিণ-পূর্বে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।
ইরানের চাবাহার বন্দরের কাছে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধবিমান। এমনই দাবি করা হল ভয়েস অফ আমেরিকার রিপোর্টে। জানা গিয়েছে, চাবাহারের যে পাহাড়ি এলাকায় এই হামলা চালানো হয়েছে, তা চাবাহারের মুক্ত বাণিজ্য অঞ্চলের খুবই কাছে। চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলটি ইরানের দক্ষিণ-পূর্বে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

উল্লেখ্য, চাবাহার বন্দর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল। পাকিস্তানকে এড়িয়ে এই চাবাহার বন্দর দিয়েই আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সাথে বাণিজ্য সংযোগ স্থাপন করতে পারে ভারত। এদিকে ইরানের ওপর আমেরিকার দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আছে। তবে ভারতের চাবাহার বন্দর ব্যবহারের ক্ষেত্রে ৬ মাসের জন্য 'ছাড়' দিয়েছিল আমেরিকা। তবে এহেন চাবাহার বন্দরের জন্য এই বছরের বাজেটে বরাদ্দ ছিল শূন্য। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে ৪০০ কোটি টাকা ব্যয় করেছিল নয়াদিল্লি। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ হলেও শেষ পর্যন্ত তা বাড়িয়ে ৪০০ কোটি করা হয়েছিল।
ইরানের খার্গ দ্বীপে হামলা চালিয়েছিল আমেরিকা। ইরান উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রবাল দ্বীপটি। হরমুজ প্রণালী থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই দ্বীপ। আর এই দ্বীপ থেকেই ইরানের ৯০ শতাংশ তেল রফতানি হয়ে থাকে। খার্গ দ্বীপে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
এদিকে হরমুজ প্রণালীতে আটকে কয়েকশো জাহাজ। এই জাহাজগুলিকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে বের করে আনার জন্য বহুজাতিক জোট গড়ে তোলার পরিকল্পনা করছে আমেরিকা। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান বহু তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানি হামলার শিকার প্রায় সবকটি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে দেওয়া সহজ। আর সেটাই করছে ইরান। আর তাই ইরানের ওপর আরও তীব্র আক্রমণ শানাচ্ছে আমেরিকা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











