ইরানের 'ছাড়', আমেরিকার 'পালটা অবরোধে'র মাঝে হরমুজ নিয়ে অবস্থান স্পষ্ট করল দিল্লি, রাষ্ট্রসংঘে ভারতীয় দূত বললেন…
India on Strait of Hormuz: রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিষ বললেন, হরমুজ প্রণালী দিয়ে নৌ পরিবহণে কোনও বাধা গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, 'যত দ্রুত সম্ভব, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে ভারত।'
India on Strait of Hormuz: হরমুজ অবরোধ এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলির ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা রাখলেন ভারতের স্থায়ী প্রতিনিধি। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিষ বললেন, হরমুজ প্রণালী দিয়ে নৌ পরিবহণে কোনও বাধা গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, 'বৈশ্বিক বাণিজ্যের স্বাধীনতা পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। যত দ্রুত সম্ভব, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে ভারত।'

ভারতের বিবৃতিতে বলা হয়েছে, '২৮ ফেব্রুয়ারি উপসাগরীয় অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত উদ্বেগ প্রকাশ করে চলেছে। সংঘাতে জড়িত সব পক্ষকেই সংযত হওয়ার আবেদন জানিয়েছে ভারত। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানানো হয়েছ। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমাতে এবং সমস্যা মেটানোর আহ্বান জানিয়ছে ভারত। এরই সঙ্গে সব দেশের সার্বভৌমত্মকে সম্মান জানানোর পক্ষে বার্তা দিয়েছি আমরা।'
এরপর হরমুজ প্রণালী ইস্যুতে ভারতের তরফ থেকে বলা হয়, 'ভারতের উদ্বেগের একটি বিশেষ দিক হল হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি এবং বাণিজ্যিক জাহাজের চলাচলের নিরাপত্তা। এই সংঘাতে বাণিজ্যিক জাহাজের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানায় ভারত। এই সংঘাতের সময় ভারতীয় নাবিকরা প্রাণ হারিয়েছেন। আমরা তাই পুনর্ব্যক্ত করতে চাই, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক নৌ পরিবহণে বাধা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সবারই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।'
উল্লেখ্য, আমেরিকার সঙ্গে সংঘর্ষবিরতি হওয়ার পরই ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির থেকে টোল সংগ্রহ করবে তারা। যদিও ইরান সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজের মধ্য দিয়ে যাওয়া ভারতীয় জাহাজগুলির জন্য কোনও টোল নেওয়া হচ্ছে না। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি বলেন, ভবিষ্যতেও ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে যাতায়াত করতে দেওয়া হবে। এদিকে তিনি আরও জানান, শিগগিরই ইরান একটি ব্যবস্থা ঘোষণা করবে, যাতে হরমুজ দিয়ে জাহাজ ছাড়ার প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। এদিকে আমেরিকা হরমুজ পালটা অবরুদ্ধ করে রেখেছে। এই নিয়ে ট্রাম্প গতকাল বলেন, 'ইরানের ওপর অবরোধ দুর্দান্ত ভাবে চলছে। এর জেরে তারা কোনও ব্যবসা করতে পারছে না।' এই সবের মাঝেই হরমুজ নিয়ে ভারত নিজেদের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিল বিশ্বমঞ্চে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


