Sign in

Jamaat to India on Hasina: হাসিনাকে আশ্রয় দিয়ে পক্ষপাতিত্ব করছে প্রতিবেশী দেশ, ভারত নিয়ে বার্তা জামাতের

জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার ভারতের উদ্দেশে বার্তা দেন হাসিনাকে নিয়ে। জামাত নেতা বলেন, ‘বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে। এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।’

Published on: Nov 18, 2025, 11:33:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক ট্রাইবুনাল। আর এরপরই ভারতের উদ্দেশে বার্তা দিল জামাত-ই-ইসলামি। জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'প্রতিবেশী দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দিয়ে অপরাধীর প্রতি পক্ষপাতিত্ব করেছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে বাংলাদেশে আইনের কাছে পাঠানোর আহ্বান জানাচ্ছি।'

জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার ভারতের উদ্দেশে বার্তা দেন হাসিনাকে নিয়ে। (HT_PRINT)
জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার ভারতের উদ্দেশে বার্তা দেন হাসিনাকে নিয়ে। (HT_PRINT)

জামাত নেতা বলেন, 'বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে। এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সম্পূর্ণ না হলেও, তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। ট্রাইবুনালের রায় ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকার বা রাষ্ট্রের কোনও ক্ষমতাবান ব্যক্তিই যে আইনের ঊর্ধ্বে নয়, তা প্রমাণিত হল। পিলখানা, শাপলা হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং ক্রসফায়ারের মাধ্যমে হত্যাসহ সব অপরাধের দ্রুত বিচারও দেশবাসীর প্রত্যাশা। জনগণের তীব্র প্রতিরোধের মুখে আওয়ামি লিগ কোথাও দাঁড়াতে পারেনি। ফ্যাসিবাদীদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।'

এদিকে বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার হুঁশিয়ারি জামাতপন্থী প্রাক্তন সেনা কর্তার। রিপোর্ট অনুযায়ী, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমান হুমকি দেন যে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে বাংলাদেশে ভারতীয় সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এই হাসিনুর।

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় প্রাক্তন সেনা কর্তা হাসিনুর রহমান বলেন, 'এই রায়ে প্রতিক্রিয়া জানানোর ভাষা নেই। সেই আয়নাঘর, চাকরিরত অবস্থায় গুম ও জেলখানায় নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা ন্যায়বিচার পেয়েছি। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাব না। জুলাই বিপ্লবে শহিদ ১ হাজার ৪০০ মানুষের জন্য আজকে আমরা এখানে। দ্রুততম সময়ের মধ্যে এই বিচার শেষ করতে হবে।'

এরপর হাসিনুর বলেন, 'মহম্মদ ইউনুস যোগ্যতম নেতা। আইনি সহায়তার মাধ্যমে তিনি বিদেশ থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবেন। শেখ হাসিনাকে আনতে ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ, পশ্চিম বাংলার লোকেরা ইনশা আল্লাহ সহায়তা করবে। যদি না করে, তাহলে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব। ভারত শান্তিতে থাকবে না।'