...
...
Next Story

Desu 7: 'দেশু ৭'-এর পরিচালক দেব! ছবিতে থাকছেন অনির্বাণও, শুভশ্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা মেগাস্টারের

Desu 7: ‘দেশু ৭’ পরিচালনা করবেন দেব। সব জটিলতা কাটিয়ে ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্যও। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বড় ঘোষণা মেগাস্টার।

Updated on: Apr 10, 2026, 21:41:53 IST
Advertisement

চলতি বছরের পুজোয় কামব্যাক করছে 'দেশু' জুটি। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব। তাই ‘দেশু ৭' নিয়ে শুরু থেকেই দর্শকদের উৎসাহ তুঙ্গে। তবে এই ছবিকে ঘিরে চর্চার শেষ নেই। মাঝে শোনা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্য নাকি এই ছবির হাত ধরে ফের কাজে ফিরবেন। কিন্তু তিনি অলিখিত ভাবে ব্যান থাকার কারণে তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। তারপর অবশ্য এই নিয়ে অলোচনাও এক সময় স্তিমিত হয়ে গিয়েছিল।

'দেশু ৭'-এর পরিচালক দেব! ছবিতে থাকছেন অনির্বাণও, শুভশ্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা মেগাস্টারের
'দেশু ৭'-এর পরিচালক দেব! ছবিতে থাকছেন অনির্বাণও, শুভশ্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা মেগাস্টারের

এর মাঝে টলিপাড়ায় একের পর এক ঘটনা ঘটতে থাকে। রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মৃত্যু বাংলা ইন্ডাস্ট্রির ভিত নাড়িয়ে দিয়ে যায়। তাঁর এই আকস্মিক মৃত্যু নিয়ে আর্টিস্ট ফোরাম একাধিক বৈঠক করে। আর্টিস্ট ফোরামের শেষ মিটিংয়ে শিল্পীদের নিরাপত্তার পাশাপাশি, অলিখিত ভাবে ব্যান হওয়া শিল্পীদের ফিরিয়ে আনার দাবিও তোলেন দেব। এর পরিপ্রেক্ষিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান যে, তিনি এই প্রসঙ্গে ৭২ ঘণ্টার মধ্যেই একটি বড় পদক্ষেপ করবেন। শিল্পী তথা পরিচালকদের উপর থেকে ব্যান যাতে ওঠে সেই দিকটিও দেখবেন। তবে তা নিয়ে কিছুটা জলঘোলা হয়। কিন্তু সব শেষে হাসি ফোটে শিল্পীদের মুখেও।

এই অলিখিত ব্যান থাকা শিল্পীদের মধ্যে অনির্বাণও একজন ছিলেন। ফলে এই ব্যান উঠে যাওয়ার ফলে তিনিও কাজে যোগ দেবেন সেটাই স্বাভাবিক। কিন্তু ‘দেশু ৭’-এ কি দেখা যাবে তাঁকে? তা নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই বড় চমক দিলেন দেব। শুক্রবার ফের শুভশ্রীকে পাশে নিয়ে অনুরাগীদের সঙ্গে দেব ভাগ করে নিলেন নতুন ভিডিয়ো। আর সেখানেই দেখা মিলল অনির্বাণের। দেব অফিসিয়ালি জানালেন তাঁদের 'দেশু ৭'-এ থাকছেন অনির্বাণও।

প্রসঙ্গত, গত বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমেকেতু' মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।

কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, 'শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার একসঙ্গে কোনও ছবিতে দেখার আশা দেশু অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন।

তবে এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা যেত তিনি যদি ভালো চিত্রনাট্য পান তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন তাঁদের মধ্যকার সমস্যা দূর হয়েছে, আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সেখানেই দেব শুভশ্রীকে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধার প্রস্তাব দেন। রাজি হয়ে যান নায়িকাও। আর এবার তাতে যোগ দিলেন অনির্বাণ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe