স্টুডিয়ো পাড়ায় এখন শুধুই বিদায়ের সুর। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ক্ষত আজও দগদগে। আর সেই কারণেই ম্যাজিক মোমেন্টস-এর ‘চিরসখা’ ধারাবাহিকটি বন্ধ হচ্ছে, কারণ আর্টিস্ট ফোরামের নির্দেশ লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবে না কেউ। আগামী রবিবারই এই মেগার শেষ সম্প্রচার। সহকর্মীর মৃত্যুর শোকের মাঝেই নিজের লালন করা চরিত্রটি হারানো যে কতটা যন্ত্রণার, তা সমাজমাধ্যমে উজাড় করে দিলেন বর্ষা খ্যাত অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।

বর্ষাকে ছাড়তে কষ্ট হচ্ছে শিঞ্জিনীর
পর্দায় তিনি যতই খলনায়িকা হোন না কেন, বাস্তবে এই ইউনিটটি ছিল শিঞ্জিনীর কাছে এক টুকরো পরিবারের মতো। তিনি লিখেছেন, ‘কিছু চরিত্র মনের খুব কাছের হয়ে যায়... বর্ষাও সেরকম হয়ে উঠেছিল। এই সমস্যা জানেন তো, চরিত্রে অভিনয় করতে করতে চরিত্র এমনভাবে জাপটে ধরে যে সেখান থেকে বেরোতে কষ্ট হয়, ছাড়তে কষ্ট হয়।’ রাহুল বন্দ্যোপাধ্যায়ের মতো অভিভাবক এবং সহকর্মীকে হারানোর শোক রয়েছে, তবে চিরসখা-র সঙ্গে বিচ্ছেদে মন কেমনের মেঘ জমেছে শিঞ্জিনীর মনে।
পরিবার হয়ে ওঠার গল্প
শিঞ্জিনী জানিয়েছেন, একটি নতুন ইউনিটের সঙ্গে কাজ শুরু করে কখন যে তাঁরা পরিবার হয়ে উঠলেন, তা টেরই পাননি। দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘একটা নতুন চরিত্র আপনাদের এত কাছের হয়ে উঠল, আপনারা এত ভালোবাসলেন! ‘চিরসখা’ খুব কাছের একটা প্রজেক্ট, মানুষগুলোও খুব কাছের। দেখা হবে সকলের সঙ্গে নিশ্চয়ই আবার... অন্য কোথাও অন্য কোনো ভাবে।’
বিষণ্ণ ‘চিরসখা’র সেট
{{/usCountry}}বিষণ্ণ ‘চিরসখা’র সেট
{{/usCountry}}রাহুলের অকাল প্রয়াণ আর তার জেরে জিতের বাড়ি যাওয়া বা সুজয় প্রসাদের কটাক্ষ— এই সব বিতর্কের মাঝেই ‘চিরসখা’র সেটে এখন নীরব হাহাকার। পরিচালক বা কলাকুশলীরা কেউই ভাবতে পারেননি এভাবে মাঝপথে সবটা থেমে যাবে। আর্টিস্ট ফোরামের সিদ্ধান্তে কর্মহারা হয়ে শুরুতে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভিভান ঘোষ, রাজা গোস্বামীরা। পরে অবশ্য তাঁদের সঙ্গে ফের বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-শান্তিলাল মুখোপাধ্যায়রা।
শুভকামনা ও প্রত্যাবর্তন
নিজের পোস্টের শেষে শিঞ্জিনী সবার সুস্থতা কামনা করে লিখেছেন, ‘ভালো থাকবেন। দেখা হোক খুব তাড়াতাড়ি।’ স্পষ্টতই, প্রিয় সহকর্মী রাহুলকে হারিয়ে এবং প্রাণের প্রজেক্ট হাতছাড়া হওয়ার এই ট্রমা কাটাতে কিছুদিন সময় নিতে পারেন এই অভিনেত্রী। নায়িকা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন শিঞ্জিনী, কিন্তু পঞ্চমীর পর চিরসখাতেও খলনায়িকা হিসাবে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে।